ত্রাণ সংগ্রহে বিএনপির বিশেষ কমিটি, বিকালে সংবাদ সম্মেলন

দেশের পূর্বাঞ্চলে বন্যাদুর্গত মানুষদের সহায়তার জন্য ত্রাণ সংগ্রহের উদ্দেশ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এডেজএম জাহিদ হোসেনকে আহ্বায়ক করে আট সদস্যের একটি ত্রাণ সংগ্রহ কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৪ আগস্ট) রাতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, রবিবার (২৫ আগস্ট) বিকাল ৩টায় নয়াপল্টনে ত্রাণ সংগ্রহ কমিটির সংবাদ সম্মেলন রয়েছে। এতে ডা. এজেডএম জাহিদ হোসেন কথা বলবেন।

ত্রাণ সংগ্রহ কমিটির সদস্য সচিব হলেন যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ। সদস্য হিসেবে রয়েছেন– মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস; সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. পারভেজ রেজা কাকন; কৃষকদলের সভাপতি হাসান জাফির তুহিন; কেন্দ্রীয় যুবদল সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম পল; কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি ইয়াসিন আলী ও ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মো. ইয়াহিয়া।

রিজভী আহমেদ জানান, এই কমিটি দেশের পূর্বাঞ্চলের বন্যায় উপদ্রুত মানুষদের সাহায্যার্থে শুকনো খাবার, শিশুদের কাপড়, মোমবাতি, দিয়াশালাই, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় ওষুধ দলের নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সংগ্রহ করবে। দেশের সর্বস্তরের জনগণকে বন্যার্তদের সাহায্যার্থে সাধ্যানুযায়ী উল্লিখিত ত্রাণসামগ্রী নয়াপল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।