অনেক রাজনৈতিক দলের আঁতাত করার ইতিহাস রয়েছে: রিজভী

আওয়ামী লীগ ছাড়াও অনেক রাজনৈতিক দলের আঁতাতের ইতিহাস থাকলেও বিএনপি কখনও আঁতাত করেনি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, যারা বিভাজনমূলক কথা বলছেন তারা সঠিক বলছেন না।

শনিবার (৩১ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে স্বৈরাচারবিরোধী আন্দোলনে আহত ও নিহত ছাত্র-জনতার স্মরণে দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। সাধারণ রিকশা ও ভ্যানচালকের ব্যানারে এই আয়োজন অনুষ্ঠিত হয়।

রিজভী বলেন, আমরা অনেককেই অনেক সময় আতাঁত করতে দেখেছি। আমরা সেই আঁতাতকারী দল নই।  সুতরাং, এই সামগ্রিক একটি বিজয়ের মাঝে আপনারা যে বিভেদ- বিভাজনের চেষ্টা করছেন, এটা কারও জন্যই মঙ্গলজনক হবে না।

তিনি বলেন, আজকে যারা ব্যাপক ঐক্যবদ্ধ গণতন্ত্রের বিজয়কে খণ্ডিত করার চেষ্টা করছেন, নানাভাবে বিভাজনের চেষ্টা করছেন, তাদেরকে বলছি—  এই দল (বিএনপি) প্রত্যেকটি গণতান্ত্রিক সংগ্রামের বিজয়ের নেতৃত্বদানকারী দল।

তিনি আরও বলেন, ৫ আগস্ট ছাত্র-জনতা-শ্রমিকের আত্মদানে আমরা এই বিজয় অর্জন করেছি। আমাদের কোনোভাবেই তাদের অবদানকে খাটো করা যাবে না।

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব বলেন, গণতন্ত্রের স্বপক্ষে অনেকেই লড়াই করেছেন। এই বিজয় সকলের। কিন্তু এই ক্ষেত্র তৈরি করতে বিএনপি ২০০৯ সাল থেকে ৫ আগস্ট পর্যন্ত আন্দোলন করে গেছে। আজকে সবার আন্দোলনের অবদানে এই অন্তর্বর্তী সরকার— যারা একটি নির্দিষ্ট সময়ের মধ্যে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবে। এটাই তো মূল লক্ষ্য, এর জন্যই তো লড়াই।

বিএনপিকে নিয়ে সংবাদমাধ্যমে নেতিবাচক সংবাদ প্রচার করা হচ্ছে বলে অভিযোগ করে রিজভী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দলের কেউ অন্যায় করলে তার শাস্তি নিশ্চিত করছেন। সেগুলো না লিখে এখনও অনেক সংবাদ মাধ্যম বিশেষ করে পত্রিকায় বিএনপির বিরুদ্ধে নেতিবাচক সংবাদ প্রচার করা হচ্ছে। তবু বিএনপি তাদের কিছু বলছে না, এখানেই আওয়ামী লীগের সঙ্গে বিএনপির পার্থক্য।  বিএনপির ত্রাণ কার্যক্রম অনেক মিডিয়া প্রচার করছে না। অনেক নেতার ত্রাণ খুব কাভারেজ পাচ্ছে, কিন্তু বিএনপির কার্যক্রম সেভাবে পাচ্ছে না। এটা সন্দেহজনক।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারীর সঞ্চালনায় দোয়া মাহফিলে চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান রহমান শিমুল বিশ্বাস, যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ  প্রমুখ উপস্থিত ছিলেন।