অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগের ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানিয়ে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, আওয়ামী লীগ আবারও দেশের বিরুদ্ধে, এ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। এ ষড়যন্ত্র রুখে দিতে হবে।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘প্রতিবাদ’ নামে একটি সংগঠনের আয়োজনে এক অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
ফারুক বলেন, ‘আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার অবশ্যই আছে। তবে জনগণ একটা কথা বলছে, আওয়ামী লীগ গত ১৬ বছর দেশের মানুষের ওপর নির্যাতন করেছে। ছাত্র-জনতার আন্দোলনে হামলা চালিয়েছে, হত্যা করেছে। তারা আবারও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। এই ষড়যন্ত্র রুখে দিতে হবে।’
অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘শেখ হাসিনার পরিবারের সদস্যদের একজনকেও গ্রেফতার করতে পারলেন না। জনগণের কাছে এদের অবৈধ সম্পদের হিসাব দেওয়া দরকার। শুধু কয়েকজন এমপি-মন্ত্রীর নাম দিলে হবে না, ২০০৮ সাল থেকে যারা অবৈধভাবে জাতীয় সংসদের নাম ব্যবহার করে হাজার হাজার কোটি টাকা লুট করেছে, তাদের সবার নামের তালিকা বিমানবন্দর ও স্থলবন্দরে দিতে হবে। যেন তারা দেশত্যাগ না করতে পারেন।’
সাবেক চিফ হুইপ ফারুক আরও বলেন, ‘ড. ইউনূস একজন সৎ মানুষ। তার কাছে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলতে চাই না। কিন্তু দেশের জনগণ বলা শুরু করেছে—যে স্বৈরাচার হাসিনা ছাত্রদের হত্যা করলো, আবু সাঈদের রক্তের গন্ধ এখনও আমাদের নাক থেকে যায়নি, সেই খুনি হাসিনার নামে মামলা হয়েছে, অথচ তাকে দেশে ফিরিয়ে আনার বা তার পরিবারের কোনও সদস্য এখনও গ্রেফতার হয়নি। যে নির্বাচন কমিশন অবৈধভাবে শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়েছিল, সেই নির্বাচন কমিশন এখনও কীভাবে আছে।’