‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার রক্তের মধ্যে দিয়ে আমরা এই দেশ স্বাধীন করতে পেরেছি। কোনও অবস্থাতেই দেশকে ফ্যাসিস্ট ফর্মুলায় নেওয়ার সুযোগ নেই। দেশে বর্বর শাসন কায়েম হয়েছিল। কোনও অবস্থাতেই সেই শাসনের পুনরাবৃত্তি এই দেশে আর হতে দেওয়া হবে না।’
এমন মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক।
রবিবার (২২ সেপ্টেম্বর) বিকালে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণ-আন্দোলনে নিহত জাসাস ঢাকা মহানগর উত্তরা পূর্ব থানার সদস্য মো. জসীম উদ্দিনের বাসভবনে গিয়ে তার মা ও ছোট ভাইদের সঙ্গে দেখা করে তাদের পরিবারের খোঁজখবর নেন। এ সময় তাদের আর্থিকভাবে সহায়তা প্রদানকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘স্বৈরাচার আওয়ামী সরকার বাংলাদেশে এক বর্বর শাসন কায়েম করেছিল। কোনও অবস্থাতেই সেই শাসনের পুনরাবৃত্তি আর এই দেশে হতে দেওয়া হবে না। ছাত্র-জনতার গণ-আন্দোলনে স্বৈরাচার আওয়ামী লীগ হাজার হাজার ছাত্র ও জনতাকে নৃশংসভাবে গুলি করে হত্যা করেছে। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কেউ পার পাবে না, প্রত্যেকের বিচার করা হবে।’
আমিনুল হক বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ছাত্র-জনতার গণ-আন্দোলনে সারা দেশে নিহত ও আহত পরিবারের সার্বিক খোঁজখবর নিচ্ছেন এবং তাদের পরিবারকে আর্থিকভাবে সহায়তাও করছেন।
আমিনুল হক এ সময় নিহত জসীম উদ্দিনের ছোট ভাইকে কলেজে লেখাপড়ার খরচসহ তার পরিবারকে সর্বদা আর্থিক সহায়তারও আশ্বাস দেন।