দেশের চেয়ে আ.লীগ নিজেদের উন্নয়ন বেশি করেছে: আমিনুল হক

গত ১৭ বছর স্বৈরাচার আওয়ামী লীগ সরকার দেশের উন্নয়নের চেয়ে নিজেদের উন্নয়ন বেশি করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক। তিনি বলেছেন, গত ১৭ বছরে আওয়ামী স্বৈরাচারী সরকার ও তাদের দোসররা নিজেদের উন্নয়ন করতে গিয়ে দেশের বিভিন্ন স্থানে পাড়া-মহল্লায় নামে-বেনামে মানুষের জায়গা-জমি দখল করে অবৈধ উপায়ে বিপুল সম্পদের পাহাড় গড়েছে।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানী পল্লবীর চলন্তিকার মোড়ে আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমিনুল হক এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা চাই— এই অবৈধ দখলদারদের আইনের আওতায় এনে বিচার করতে হবে। পাশাপাশি দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের উদ্দেশ করে তিনি বলেন, আওয়ামী লীগ যে অপকর্মে লিপ্ত ছিল, এখন থেকে আর কোনও চাঁদাবাজি, লুটতরাজ হবে না। দখলদারি করার কোনও সুযোগ নেই। কোনও ধরনের অপকর্ম, চাঁদাবাজি, দখলদারির সঙ্গে যারাই জড়িত থাকবে তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হবে।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা যুবদলের আহ্বায়ক হাজী নূর সালামের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য মাহাবুব আলম মন্টু, পল্লবী থানা বিএনপি ভারপ্রাপ্ত আহ্বায়ক কামাল হোসেন প্রমুখ।