শুধু ছাত্রলীগ নিষিদ্ধ নয়, সুষ্ঠু নির্বাচন দিন: জয়নুল আবদিন

ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ করে বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, আপনার কাছে জনগণের প্রত্যাশা শুধু ছাত্রলীগকে নিষিদ্ধ করা নয়, বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে জনগণের ভোটের মাধ্যমে সরকার গঠন করা। সেই সরকার গঠনের প্রক্রিয়া আপনাকে অবশ্যই শুরু করতে হবে। তাই আপনি সময় বুঝে অবশ্যই বাংলাদেশের সকল রাজনৈতিক দলের সঙ্গে  আলোচনা করবেন।

শুক্রবার (২৫ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহারের’ দাবিতে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। সেনবাগ ফোরামের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

জয়নুল আবদিন ফারুক বলেন, বাংলাদেশে আগস্টের বিপ্লবের পর, দেশের রাজনৈতিক আকাশকে আবার ঘোলাটে করার জন্য চক্রান্ত চলছে। শেখ হাসিনাকে বাংলাদেশে এনে শাস্তির আওতায় আনতে হবে। বাংলাদেশের মানুষের অনেক প্রত্যাশা আপনার কাছে। আপনি আবু সাঈদের রক্ত, মুগ্ধের রক্তের উপর দিয়ে ক্ষমতায় এসেছেন। আপনাকে কেউ বসিয়ে দেয়নি। আপনি নিজের ইচ্ছায় এদেশের ক্ষমতায় আসেননি। আপনি বাংলাদেশের মানুষের কাছে একজন গ্রহণযোগ্য ব্যক্তি। ৫ আগস্টের পর বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে আপনাকে ক্ষমতায় বসাতে হবে। কারণ আপনিই পারবেন বাংলাদেশে ১৬ বছর ধরে যারা গণতন্ত্রকে হত্যা করেছে, মায়ের বুক খালি করেছে তাদেরকে বিচারের আওতায় আনতে; একমাত্র যোগ্য ব্যক্তি হলেন আপনি।

তিনি আরও বলেন, আপনার করা সংস্কারগুলোকে বিনষ্ট করে আপনাকে বিতর্কিত করার প্রক্রিয়া চলছে। আপনার সহযোগীরা অত্যন্ত বিজ্ঞ ব্যক্তি। আমরা তাদেরকে আহ্বান জানাবো, তারা যেন আপনাকে সততার সঙ্গে এমন পরামর্শ দেন যে পরামর্শে মইনুদ্দিন-ফখরুদ্দিনের মতো দুই বছর দেরি করে বাংলাদেশের মানুষের যে আস্থা, সে আস্থা নষ্ট না হয়। সেজন্য অবশ্যই উপদেষ্টারা আপনাকে সহযোগিতা করবেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন কৃষক দলের সহ-সভাপতি ভিপি ইব্রাহীম, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মাওলানা নেছারুল হক, মাওলানা আলমগীর হোসেন, মৎস্যজীবী দলের সদস্য ইসমাইল হোসেন সিরাজী, জাতীয়তাবাদী গণতান্ত্রিক পার্টির সাংগঠনিক সম্পাদক মীর আমির হোসেন আমু প্রমুখ।