রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির গুলিবিদ্ধ

রাজধানী ঢাকায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মোসাব্বির’সহ দুজনকে গুলি করেছে দুর্বৃত্তরা। বুধবার (৭ জানুয়ারি) রাত আটটার দিকে কারওয়ান বাজারে বসুন্ধরা সিটি শপিংমলের পেছনে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

আজিজুর রহমান মোসাব্বির (৪৫) স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব। তাকে পান্থপথের বিআরবি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় আহত আবু সুফিয়ান বেপারী মাসুদ (৪০) তেজগাঁও থানা ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঢাকা উত্তর সিটির ২৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল মজিদ মিলন বাংলা ট্রিবিউনকে জানান, রাত ৮টার দিকে কারওয়ান বাজারের স্টার গলিতে তারা দু’জন চা খাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলে করে আসা কয়েকজন দুর্বৃত্ত এলোপাতাড়ি গুলি চালিয়ে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

বিআরবি হাসপাতালে নেতাকর্মীদের ভিড়

তেজগাঁও থানার ডিউটি অফিসার এসআই হাফিজুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ঘটনাস্থলে পুলিশ কর্মকর্তারা রয়েছেন। তারা বিষয়টি দেখছেন।

এদিকে গুলির ঘটনার খবরে বিআরবি হাসপাতালের সামনে স্বেচ্ছাসেবক দলের অনুসারীরা ভিড় করেছেন।