শোকসভাস্থলে প্রবেশে ব্যাপক কড়াকড়ি

সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নাগরিক শোকসভাস্থলে প্রবেশে ব্যাপক কড়াকড়ি আরোপ করা হয়েছে। শোকসভায় আসতে দলীয়ভাবে দেওয়া কার্ড ছাড়া কাউকে ভেতরে যেতে দেওয়া হচ্ছে না। এমনকি যারা গাড়ি নিয়ে আসছেন, তাদের যানবাহন প্রবেশের কার্ড না থাকলে গাড়িও ঢুকতে দেওয়া হচ্ছে না।

শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে সরেজমিন সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শোকসভাস্থলে প্রবেশের মুখে দেখা গেছে, প্রবেশের গেটে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য অবস্থান করছেন। পাশাপাশি রয়েছে বিএনপির দলীয় নির্ধারিত স্বেচ্ছাসেবক। যারাই ভেতরে প্রবেশ করছেন, তাদের অনুষ্ঠানে আসার কার্ড প্রদর্শন করতে হচ্ছে। এছাড়া গাড়ির জন্য নির্ধারিত কার্ড গাড়িতে লাগানো থাকলে সেটিও ছেড়ে দেওয়া হচ্ছে। এর বাইরে কাউকে কিংবা কোনও গাড়ি প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এমনকি যানবাহনের কার্ড ছাড়া মিডিয়ার গাড়ি ও প্রবেশ করতে দেওয়া হয়নি।

যানবাহন প্রবেশের কার্ড না থাকলে গাড়িও ঢুকতে দেওয়া হচ্ছে না

শোকসভা দুপুর আড়াইটায় শুরু হবে। তবে দুপুর সাড়ে ১২টা থেকে কার্ডপ্রাপ্ত আমন্ত্রিতরা প্রবেশ শুরু করেছেন।

বিএনপির দলীয় স্বেচ্ছাসেবকরা বলছেন, অনুষ্ঠানে প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে। শুধু নির্ধারিত কার্ডপ্রাপ্তরাই প্রবেশ করতে পারবেন। 

তারা বলেন, যারা প্রবেশ করতে পারবেন না তারা বাইরের স্ক্রিনে অনুষ্ঠান দেখতে পারবেন।

খালেদা জিয়ার নাগরিক শোকসভাকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।