দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির ৩ নেতাকে বহিষ্কার 

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জাতীয় নির্বাহী কমিটির সদস্যসহ আরও তিন নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। রবিবার (১ ফেব্রুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন— সমিরণ দেওয়ান, সদস্য, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি; আলী হায়দার কাঞ্চন, সদস্য, আটপাড়া উপজেলা বিএনপি, নেত্রকোনা; এম জি শামীম, সদস্য, আটপাড়া উপজেলা বিএনপি, নেত্রকোনা।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা অমান্য করে সংগঠনবিরোধী কার্যকলাপে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। 

এর আগে শনিবার (৩১ জানুয়ারি) ময়মনসিংহ, সিলেট ও গাইবান্ধার বিভিন্ন উপজেলা ও ওয়ার্ডের ৪৪ জন নেতাকর্মীকে বহিষ্কার করে বিএনপি। ওই সব এলাকার নির্বাচনি প্রার্থী ও সংগঠনের সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় তাদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।

বহিষ্কৃতদের মধ্যে ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলার ৩০ জন, সিলেটের জকিগঞ্জ ও কানাইঘাটের ৯ জন এবং গাইবান্ধার সাঘাটার ৫ জন নেতা রয়েছেন।