ঢাকা-১৮ 

‘বিএনপিকে অস্তিত্বহীন করতে চেয়ে হাসিনা নিজেই অস্তিত্বহীন হয়ে গেছেন’ 

ঢাকা-১৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন বলেছেন, “পলাতক শেখ হাসিনা বিএনপিকে রাজনৈতিকভাবে অস্তিত্বহীন করতে চেয়েছিলেন, কিন্তু ইতিহাসের পরিক্রমায় তিনি নিজেই আজ অস্তিত্বহীন হয়ে পড়েছেন। জুলুম-নির্যাতন চালিয়ে কেউ কখনও ক্ষমতায় টিকে থাকতে পারে না।”

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর দক্ষিণখান ৪৭ নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ শুরুর আগে এক পথসভায় তিনি এসব কথা বলেন। 

এস এম জাহাঙ্গীর বলেন, “বিগত ১৭ বছর ধরে এই ফ্যাসিষ্ট সরকার আলেম-ওলামা এবং রাজনৈতিক প্রতিপক্ষের ওপর চরম জুলুম চালিয়েছে। আমরা যখন মিথ্যা মামলায় জেলে ছিলাম, তখন দেখেছি দেশের শীর্ষস্থানীয় আলেমদেরও বন্দি করে রাখা হয়েছিল। এই শাসনের নির্যাতনে বিএনপির বহু নেতাকর্মীর পরিবার আজ নিঃস্ব ও দুর্দশাগ্রস্ত। আমি কথা দিচ্ছি, ভবিষ্যতে যেন কোনও নেতাকর্মীকে এমন যন্ত্রণার শিকার হতে না হয়, সে বিষয়ে আমি সর্বদা সচেষ্ট থাকবো।”  

তিনি ভোটারদের উদ্দেশে বলেন, “বিগত নির্বাচনগুলোতে আপনারা আপনাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে সবাই নির্ভয়ে ভোটকেন্দ্রে যাবেন এবং স্বতঃস্ফূর্তভাবে ধানের শীষে ভোট দেবেন। আপনাদের একটি ভোটই পারে দেশে গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে আনতে।” 

দক্ষিণখান এলাকার অবকাঠামোগত সমস্যার কথা উল্লেখ করে তিনি বলেন, “দক্ষিণখান একটি অবহেলিত ও সমস্যাজর্জরিত এলাকা। আমি নির্বাচিত হলে এই এলাকার ড্রেনেজ ব্যবস্থা, রাস্তাঘাট এবং নাগরিক সমস্যাগুলো সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সমাধান করবো।” 

গণসংযোগ ও পথসভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম. কফিল উদ্দিন, দক্ষিণখান ও উত্তরখান থানা এবং বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।