নির্দিষ্ট কিছু প্রার্থীকে বিজয়ী করার জন্য ইঞ্জিনিয়ারিং হয়েছে, দাবি বিএনপির

নির্দিষ্ট কিছু প্রার্থীকে বিজয়ী করার জন্য ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে বলে দাবি করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলটির চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেছেন, “আপনারা নিশ্চয়ই দেখেছেন, আজকেও দেশজুড়ে বিভিন্ন জায়গায় অনেক ধরনের কারচুপি, জালিয়াতি ও সহিংসতার ঘটনা ঘটেছে। বিশেষভাবে কিছু আসনে নির্দিষ্ট কিছু প্রার্থীকে বিজয়ী করে আনার জন্য এক ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে। এটা বিশ্বাস করার যথেষ্ট কারণ রয়েছে আমাদের হাতে।”

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মাহদী আমিন।

তিনি বলেন, “যদি উদাহরণ দেই শুধুমাত্র ঢাকা-৮, ঢাকা-১১, ঢাকা-১৩, ঢাকা-১৬ সহ বেশ কিছু আসনে ভোট গণনা ও ফলাফল ঘোষণায় উদ্দেশে প্রণোদিতভাবে বিলম্ব করা হয়েছে। বিএনপি কিংবা ধানের শীষের বিপুল ব্যবধানে অপ্রতিরোধ্য যে বিজয়, সেই বিজয়ের ব্যবধানটাকে কমিয়ে আনার জন্য একটি নির্দিষ্ট রাজনৈতিক দল অপপ্রচার এবং নির্বাচনি আচরণবিধির লঙ্ঘন করেছে। ফলে, নির্দিষ্ট কিছু আসনে এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং। হয়তো পরাজয়ের ব্যবধানটা কমিয়ে আনছে এবং দেশব্যাপী ভোটারদের স্বতস্ফুর্ত অংশগ্রহণকে কিছুটা ব্যাহত করেছে।”

মাহদী আমিন বলেন, “গতকাল রাত থেকে আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ বিভিন্ন ধরনের কারচুপি, জালিয়াতি, কেন্দ্র দখলসহ নানা অপরাধে সম্পৃক্ত ছিল। তারপরও জনগণের আন্তরিক ভালোবাসা ও সমর্থনে আমরা দেখেছি ধানের শীষের প্রার্থীরা বিপুল ব্যবধানে এগিয়ে রয়েছেন। অনেকেই এর মাঝে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। জনগণের ভালোবাসায় সিক্ত দল বিএনপি জনসমর্থন নিয়ে দুই তৃতীয়াংশের বেশি আসনে বিজয়ী হয়ে সরকার গঠন করবে। এখন পর্যন্ত প্রাপ্ত ভোটের হিসাব ও আসন ভিত্তিক বিস্তারিত তথ্যের ভিত্তিতে এই বিজয় নিয়ে আমরা অত্যন্ত আত্মবিশ্বাসী।”