স্বাধীনতা দিবস উপলক্ষে যেসব কর্মসূচি পালন করবে বিএনপি

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ২৬ মার্চ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। বুধবার (২৫ মার্চ) গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়েছে।

এর মধ্যে বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর ৬টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ দেশব্যাপী দলীয় সব কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে।

ভোর ৫টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শেষে দলের পক্ষ থেকে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেই শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে ফিরবেন প্রধানমন্ত্রী। ঢাকায় ফিরে প্রথমে মন্ত্রিপরিষদ সদস্য ও পরে দলের নেতাদের নিয়ে জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী। এছাড়া পর্যায়ক্রমে সর্বস্তরের নেতাকর্মীরা শ্রদ্ধা জানাবেন।

কবর প্রাঙ্গণে দিনব্যাপী কোরআনখানির আয়োজন করবে জাতীয়তাবাদী ওলামা দল।

পরদিন ২৭ মার্চ শুক্রবার বেলা আড়াইটায় রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় প্রধান অতিথি থাকবেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সভাপতিত্ব করবেন মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।