এ্যানির সঙ্গে ভাইরাল সেই ভিডিও নিয়ে যা বললেন মাসুদ অরুণ

গত ১১ এপ্রিল মেহেরপুর সদরের বলিহারপুরে জিয়া খাল পুনঃখনন কাজের উদ্বোধন করতে গিয়েছিলেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। সেখানে জেলা বিএনপির সাবেক সভাপতি মাসুদ অরুণকে ধাক্কা মারার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন নেটিজেনরা। একজন সাবেক সংসদ সদস্যের সঙ্গে এমন আচরণকে অনেকে অপমানজনক বলে মনে করেন।

সেই ভিডিওটি নিয়ে এবার মুখ খুলেছেন মাসুদ অরুণ। সোমবার (১৩ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এ্যানির সঙ্গে সৌহার্দপূর্ণ বৈঠকের ছবি দিয়ে তিনি জানান, এ্যানির সঙ্গে তার সম্পর্ক নষ্টের জন্য কেউ এই ভিডিও ভাইরাল করেছে।

তিনি লেখেন, “এ্যানি আমার বন্ধু, আমার ভাই। খাল খনন কর্মসূচিতে উনি আমার সঙ্গে করমর্দন করেন, কুশলাদি বিনিময় করেন। অতিরিক্ত ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কির এক পর্যায়ের একটা ভিডিও করে কেউ উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদের সম্পর্ক নষ্ট করার জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে, যা অত্যন্ত দুঃখজনক।”

উল্লেখ্য, মাসুদ অরুণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হয়ে মেহেরপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে তিনি হেরে যান। ওই আসনে এক লাখ ২১ হাজার ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন জামায়াতের তাজউদ্দীন খান।