সংরক্ষিত নারী আসন

প্রথম ধাপে বিএনপির ৪০০ মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার সম্পন্ন

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশীদের প্রথম দিনের সাক্ষাৎ সম্পন্ন করেছে বিএনপি।

শুক্রবার (১৭ এপ্রিল) বিকাল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত গুলশানে দলীয় চেয়ারম্যানের কার্যালয়ে প্রথম ধাপে পাঁচ বিভাগের প্রায় ৪০০ মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার নিয়েছে মনোনয়ন বোর্ড। এতে সভাপতিত্ব করেন বোর্ডের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা।

সাক্ষাৎকার ঘিরে দুপুরের পর থেকেই মনোনয়ন প্রত্যাশীদের পদভারে মুখর হয়ে ওঠে কার্যালয় আঙ্গিনা। বিকাল ৩টার দিকে কার্যালয়ে প্রবেশ করেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সোয়া ৩টায় বিএনপির চেয়ারম্যানের সভাপতিত্বে শুরু হয় সাক্ষাৎকার পর্ব। দুদিনের সাক্ষাৎকার পর্বের প্রথমদিনে রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও ফরিদপুর বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হয়।

সাক্ষাৎকার দেওয়া কয়েকজন মনোনয়নপ্রত্যাশী জানান, বিগত আন্দোলন সংগ্রামে অবদান জানতে চেয়েছে মনোনয়ন বোর্ড। এছাড়া তাদের অ্যাকাডেমিক ও সাংগঠনিক যোগ্যতার বিষয়েও খোঁজ খবর নেন তারেক রহমানসহ শীর্ষ নেতারা।

দলের মিডিয়া সেল থেকে জানানো হয়েছে শনিবার (১৮ এপ্রিল) বিকাল ৩টায় চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের প্রার্থীদের সঙ্গে সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।

সাক্ষাৎ শুরুর আগে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ভয়াবহ দুঃসময় পেরিয়ে আমরা গণতন্ত্র ফিরে পেয়েছি। বিগত দিনে অনেকে হয়রানির শিকার হয়েছেন, পৈশাচিক কষ্ট পেয়েছেন। যাদের সংসদে কথা বলার যোগ্যতা রয়েছে তাদেরকে মূল্যায়ন করা হবে।

দলীয় সূত্রে জানা যায়, মোট এক হাজার ২৫টি মনোনয়ন ফরম বিক্রি হলেও জমা দিয়েছেন প্রায় ৯০০ জন। প্রতিটি ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ২ হাজার টাকা এবং মনোনয়ন ফরম জমা দেওয়ার সময় প্রার্থীদের দিতে হয় ৫০ হাজার টাকা জামানত।

গত ৮ এপ্রিল রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ এপ্রিল। এ ছাড়া মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল এবং বাছাইয়ের বিরুদ্ধে আপিল করা যাবে ২৬ এপ্রিল, যা নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩০ এপ্রিল। আগামী ১২ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

জাতীয় সংসদের ৩৫০ আসনের মধ্যে নারীদের জন্য সংরক্ষিত আসন রয়েছে ৫০টি। এর মধ্যে, বিএনপি জোটের জন্য ৩৬টি, জামায়াতে ইসলামীসহ তাদের জোটের জন্য ১৩টি ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য ১টি আসন সংরক্ষিত রাখা হয়েছে।