বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দুইটা পদ্মা সেতুর কথা বলেছিলেন। যে জায়গায় পদ্মা সেতু হওয়ার জন্য আন্দোলন ছিল, সেখানে হয়নি। বর্তমান সরকারের সময়েই দ্বিতীয় পদ্মা সেতুর বাস্তবায়ন করতে হবে।
রবিবার (৩ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবে দৌলতদিয়া-পাটুরিয়া-কাজীরহাট-দ্বিতীয় পদ্মা সেতুর দাবিতে এক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন।
শামসুজ্জামান দুদু বলেন, ৩০-৪০ বছর আগে আমি যখন ছাত্রনেতা ছিলাম, তখন থেকেই এই রোডে পদ্মা সেতুর দাবি উঠেছে। ব্রিটিশ ভারতের সময় পদ্মার ওপারের মানুষ শিক্ষায়, ব্যবসায় অনেক এগিয়ে ছিলেন। কারণ, সে সময় রাজধানী ছিল কলকাতায়। তখন ওই অঞ্চলের মানুষদের পদ্মা পার হয়ে ঢাকায় আসতে হতো না। ওদিকে সরাসরি কলকাতায় যেতো।
তিনি বলেন, দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ দীর্ঘদিন অনেক ত্যাগ শিকার করেছে। এখন দাবি আমাদের একটাই, দৌলতদিয়া-পাটোয়ারি রোটে দ্বিতীয় পদ্মা ব্রিজ করতে হবে।
অন্যান্য বক্তারা বলেন, মানিকগঞ্জের সঙ্গে রাজধানীর সরাসরি যোগাযোগের একমাত্র উপায় পাটুরিয়া-কাজীরহাট-দ্বিতীয় পদ্মা সেতু। এটি বাস্তবায়ন হলে রাজবাড়ি, ঝিনাইদহ, কুষ্টিয়াসহ আশপাশের সব জেলার মানুষ উপকৃত হবেন। যেহেতু সাভার একটি শিল্প এলাকা তার সঙ্গে যুক্ত হবে। অনেক মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে।
তারা আরও বলেন, দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন হলে অনেক দুর্ঘটনা কমে যাবে। বিভিন্ন সময় ফেরি চলাচলে দুর্ঘটনার শিকার হয়। শীতকালে ঘন কুয়াশায় ফেরি চলাচলে বিঘ্নিত হয়। সেতু হলে এই অঞ্চলের মানুষ এসব থেকে মুক্তি পাবেন।
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে বক্তব্য রাখেন দৌলতদিয়া-পাটুরিয়া-কাজীরহাট-দ্বিতীয় পদ্মা বাস্তবায়ন পরিষদের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।