বিএনপির তিন সহযোগী সংগঠনের মতবিনিময় সভা আজ, যোগ দেবেন তারেক রহমান

বিএনপির তিনটি সহযোগী সংগঠন যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের জেলা ও মহানগর পর্যায়ের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (৯ মে) সকাল ১০টায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বগ্রহণের পর তৃণমূল নেতাদের সঙ্গে এটিই হতে যাচ্ছে তারেক রহমানের প্রথম বড় কোনও সাংগঠনিক বৈঠক।

দলীয় সূত্র জানিয়েছে, বৈঠকে দলীয় শৃঙ্খলা, সাংগঠনিক কার্যক্রম, স্থানীয় পর্যায়ে অন্তঃকোন্দল এবং চেইন অব কমান্ড পুনঃপ্রতিষ্ঠার বিষয়ে সরাসরি নির্দেশনা দিতে পারেন তিনি।

ইতোমধ্যে অনুষ্ঠানের সব প্রস্তুতি সস্পন্ন। এরই মধ্যে শুক্রবার (৮ মে) বিকালে ভেন্যু পরিদর্শন করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি জানান এ মতবিনিময়ের মাধ্যমে আগামী দিনে সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির রূপরেখা দেবেন তারেক রহমান।