রাজধানীর শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন সরকারি বিভিন্ন সংস্থা, দফতর ও করপোরেশনে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া বিএনপির ১২ নেতা।
শনিবার (২৫ জুলাই) দুপুরে শ্রদ্ধা জনানোর পর প্রয়াত দুই নেতা-নেত্রীর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করেন নেতারা।
এতে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
এ সময় আরও ছিলেন– বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি সালাহ্উদ্দিন সরকার, বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ব্যবস্থাপনা পরিচালক পদের বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মোহাম্মদ রাশেদুল হক, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান পদে দায়িত্বপ্রাপ্ত দলের সহ-ধর্মবিষয়ক সম্পাদক এটিএম আবদুল বারী ড্যানী, বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব পদে দায়িত্বপ্রাপ্ত যুবদলের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি (দফতর সম্পাদকের দায়িত্বপ্রাপ্ত) মো. কামরুজ্জামান দুলাল।
এছাড়াও উপস্থিত ছিলেন– বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের চেয়ারম্যান পদে দায়িত্বপ্রাপ্ত দলের রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আবদুল খালেক, বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের চেয়ারম্যান পদের জাতীয় নির্বাহী কমিটির সদস্য শামসুজ্জামান সুরুজ, বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক পদে দলের সহ-বন ও পরিবেশবিষয়ক সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু, বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান পদে যুবদলের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি জাকির হোসেন সিদ্দিকী, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) চেয়ারম্যান পদের দলের ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ, বাংলাদেশ জুট করপোরেশনের চেয়ারম্যান পদে দায়িত্বপ্রাপ্ত দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য মামুন হাসান প্রমুখ।
গত বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব মো. গোলাম রব্বানী সই করা পৃথক ১২টি প্রজ্ঞাপনে তাদের এই চুক্তিভিত্তিক নিয়োগের তথ্য জানানো হয়।
তারা অন্য কোনও পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধাসরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে যুক্ত থাকলে তা ছিন্ন করার শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য দায়িত্ব পেয়েছেন।