বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের (ডিআই) প্রতিনিধিদের মধ্যে সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধি, অভ্যন্তরীণ গণতান্ত্রিক চর্চা জোরদার এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) অনুষ্ঠিত সভায় দলের সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধি ও অভ্যন্তরীণ গণতান্ত্রিক চর্চা শক্তিশালীকরণসংক্রান্ত কার্যক্রমের অগ্রগতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভার শুরুতে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের পক্ষ থেকে ২০২৩ সালের এপ্রিলে প্রণীত কেন্দ্রীয় কৌশলগত কর্মপরিকল্পনা বাস্তবায়নের অগ্রগতি এবং স্থানীয় পর্যায়ে ২০টি ইউনিটে বাস্তবায়িত কৌশলগত পরিকল্পনার ফলাফল তুলে ধরা হয়।
সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, প্রশিক্ষণ কার্যক্রম প্রাতিষ্ঠানিকীকরণ, বিভিন্ন কমিটিতে নারীর অংশগ্রহণ বৃদ্ধি, অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিরসন এবং জনসম্পৃক্তিমূলক কার্যক্রমে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।
সভায় অংশগ্রহণকারীরা খোলামেলা আলোচনার মাধ্যমে ভবিষ্যৎ করণীয় নিয়ে মতবিনিময় করেন। এ সময় চাহিদা নিরূপণ, বিদ্যমান কৌশলগত কর্মপরিকল্পনা হালনাগাদ এবং তার কার্যকর বাস্তবায়নের বিষয়ে ধারণাগত ঐকমত্যে পৌঁছানো হয়।
বিএনপি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মো. ইসমাইল জবিউল্লাহ। প্রতিনিধিদলে আরও ছিলেন ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স এবং দলের প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন এমপি।
ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের পক্ষে উপস্থিত ছিলেন সংস্থাটির চিফ অব পার্টি আমিনুল এহসান, সিনিয়র ডিরেক্টর লিপিকা বিশ্বাস এবং সিনিয়র ম্যানেজার মো. রবিউল ইসলাম।
উল্লেখ্য, যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তরের (এফসিডিও) সহায়তায় ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল বাংলাদেশে গণতান্ত্রিক চর্চা ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধিতে কারিগরি সহায়তা দিয়ে আসছে।








