প্রধানমন্ত্রী বিদ্বজ্জনদের নির্মূলের মহাপরিকল্পনা করছেন: খালেদা জিয়া

শেখ হাসিনা+খালেদা জিয়াপ্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া অভিযোগ করেছেন, অনির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী এখন দেশের স্পষ্টভাষী ও সত্য উচ্চারণে অকুণ্ঠ বিদ্বজ্জনদেরকেও নির্মূলের মহাপরিকল্পনা বাস্তবায়ন করছেন তাঁর পছন্দের আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সংখ্যক সদস্যদের দিয়ে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন। শনিবার দুপুরে প্রবীণ সাংবাদিক শফিক রেহমানকে ইস্কাটনস্থ বাসভবন থেকে সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা বাহিনী গ্রেফতার করার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এই বিবৃতি দেন।
বিএনপি চেয়ারপারসন বলেন, ‘বর্তমান ভোটারবিহীন অবৈধ সরকার কষ্টার্জিত বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্রের জনগণের বিরুদ্ধে এখন যুদ্ধ শুরু করেছে। সরকারের অপকীর্তি ও লাগামহীন দুর্নীতির কারণে পায়ের নিচের মাটি সরে যাওয়ায় দিশেহারা হয়ে দেশকে নিক্ষেপ করা হচ্ছে এক ভয়ংকর অতল গভীর খাদে। মানুষের ভোটাধিকার হরণের পর বাকস্বাধীনতাও কেড়ে নেওয়া হয়েছে। সাংবাদিকদের কণ্ঠরোধ করতে তাদের ওপর চলছে দলন-পীড়ন। রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে সাজানো মিথ্যা মামলায় জড়িয়ে দেশের প্রতিথযশা সাংবাদিক ও সম্পাদকদেরও গ্রেফতার ও নির্যাতন করা হচ্ছে।
শফিক রেহমানের গ্রেফতার প্রসঙ্গে খালেদা জিয়া বলেন, তাকে গ্রেফতার করা হয়েছে এজন্য যে, তিনি বর্তমান শাসকগোষ্ঠীর অনাচার, ব্যর্থতা ও কুপমণ্ডুকতার বিরুদ্ধে অবিচল নির্ভয়ে লিখে যান। শফিক রেহমান সত্য উচ্চারণে অবিচল ও সাহসী এক কলমযোদ্ধা। সে কারণে তাকে কব্জা করতে না পেরে গ্রেফতার করা হয়েছে, এটি সরকারের চরম স্বেচ্ছাচারিতারই বহিঃপ্রকাশ।

খালেদা জিয়া আরও বলেন, ব্যক্তি, লেখনি, ভাষণ, মুদ্রণের স্বাধীনতাসহ জনগণের সকল গণতান্ত্রিক অধিকারের প্রতি সম্মান প্রদর্শন করুন। দেশে শান্তি ও স্থিতিশীলতা বিপন্ন করবেন না। আপনি কখনোই শফিক রেহমানের মতো ঋজু ও আত্মশক্তিতে বলিয়ান কলমযোদ্ধাকে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করে পর্যদুস্ত করতে পারবেন না।

একই বিবৃতিতে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গতরাতে গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচিত মেয়র অধ্যাপক এম এ মান্নানকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেন, বর্তমান সরকার অনির্বাচিত হওয়ায় নির্বাচিত জনপ্রতিনিধিদের তাদের পছন্দ নয়। তাই সম্পূর্ণ রাজনেতিক প্রতিহিংসায় তারা নির্বাচিত জনপ্রতিনিধিদের গ্রেফতার ও নির্যাতন করছে।

পৃথক এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শফিক রেহমানের মতো দেশের একজন নির্ভিক সাংবাদিক ও কলামিস্টকে গ্রেফতারের মধ্য দিয়ে বর্তমান শাসকগোষ্ঠী প্রমাণ করলো যে, দেশের মানুষের আজ কোনও বাকস্বাধীনতা নেই।

/এসটিএস/এএইচ/