গুপ্ত ও বট বাহিনীর মাধ্যমে সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তিনি বলেন, ‘স্বৈরাচারের সময় আল্লাহু আকবার ধ্বনি নিষিদ্ধ করা হয়েছিল। আগামীতে সংবিধান সংশোধনের সময় বিসমিল্লাহির রাহমানির রাহিম ফিরিয়ে আনা হবে।’ তবে ধর্মের লেবাসে যেন কেউ দেশ অস্থিতিশীল করতে না পারে, সে দিকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
বুধবার (৩০ সেপ্টেম্বর) জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধি জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
চিফ হুইপ বলেন, ‘কিছু ব্যক্তি পাশের দেশে বসে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্টের চেষ্টা করছে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার প্রয়োজনীয় কঠোর পদক্ষেপ নেবে। যে দেশে হাদির খুনির আশ্রয় পেয়েছে, তারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি দুর্বল করার চেষ্টা করছে।’
সংবিধান সংশোধনের জন্য সব পক্ষেরই মতামত নেওয়া হচ্ছে বলে জানান চিফ হুইপ।