সংসদের দক্ষিণ প্লাজায় সালাহ উদ্দিনের প্রথম জানাজা অনুষ্ঠিত, অংশ নেন প্রধানমন্ত্রী

বিএনপির দলীয় সাবেক সংসদ সদস্য সালাহ উদ্দিন আহমেদের প্রথম জানাজা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় জানাজায় অংশগ্রহণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এতে আরও উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, ডেপুটি স্পিকার কায়সার কামাল, চিফ হুইপ নুরুল ইসলাম মনি, প্রয়াত সালাহ উদ্দিন আহমেদের ছেলে তানভীর আহমেদ রবিনসহ মন্ত্রিপরিষদ সদস্য এবং সরকার ও বিরোধীদলীয় সংসদ সদস্যরা।

জানাজা শেষে সালাহ উদ্দিন আহমেদের মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। 

বিএনপি ও পারিবারিক সূত্র জানিয়েছে তার দ্বিতীয় জানাজা দুপুর ১টা ৩০ মিনিটে নয়া পল্টনের বিএনপি কেন্দ্রীয় অফিসের সামনে ও বিকাল ৩টায় শ্যামপুর লাল মসজিদে তৃতীয় নামাজে জানাজা পড়ানো হবে। জানাজা শেষে জুরাইন গোরস্তানে তার বাবার কবরের পাশে তাকে দাফন করা হবে।

সালাহ উদ্দিন আহমেদ মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তিনি বিএনপির রাজনীতিতে সক্রিয় ছিলেন।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এবং চিফ হুইপ নূরুল ইসলাম মনি।

তিনি ঢাকা-৪ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে ১৯৯১ সালের পঞ্চম, ১৯৯৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ষষ্ঠ এবং ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন।

রাজধানীর শ্যামপুর-কদমতলী এলাকায় বিএনপির নেতা হিসেবে পরিচিত সালাহ উদ্দিন আহমেদ দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বাণিজ্যবিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন। বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। তার ছেলে তানভীর আহমেদ রবিন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।