‘আপনি আসেন, আমরা অপেক্ষা করছি’, শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে হুইপ দুলু

‘আপনি আসেন, আমরা আপনাদের জন্য অপেক্ষা করছি। বাংলাদেশের মানুষ আপনার অপেক্ষায় আছে’— শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে এ মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু। 

সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আকরাম খাঁ হলে বাংলাদেশ উন্মুক্ত গণতান্ত্রিক পরিষদ আয়োজিত ‘বর্তমান গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের কাছে জনগণের প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

হুইপ দুলু বলেন, ‘দীর্ঘ প্রায় ২০ বছরের লড়াই-সংগ্রাম শেষে গণতান্ত্রিক সরকার জনগণের দায়িত্ব গ্রহণ করেছে। ভঙ্গুর অর্থনীতির এই দেশে জনগণের প্রত্যাশা অনেক। সেই প্রত্যাশা পূরণে সরকার নিরলসভাবে কাজ করছে।’ 

সরকারকে স্বাচ্ছন্দ্যে কাজ করার সুযোগ দিতে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে একসঙ্গে লড়াই করা বিরোধী দলগুলোর প্রতি আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি। 

বিগত সরকারের বিরুদ্ধে লুটপাট ও অর্থ পাচারের অভিযোগ

বিগত প্রায় ২০ বছর দেশে গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনি ব্যবস্থা অনুপস্থিত ছিল এবং জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছিল বলে মন্তব্য করেন হুইপ দুলু। তার ভাষ্য, ছাত্র-জনতা ও বিভিন্ন রাজনৈতিক দলের আন্দোলন, রক্ত ও দীর্ঘ ত্যাগের মধ্য দিয়ে দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। এর মধ্য দিয়ে মানুষ গণতন্ত্র ও স্বাধীনভাবে কথা বলার অধিকার ফিরে পেয়েছে।

বিগত সরকারের বিরুদ্ধে সীমাহীন লুটপাট ও অর্থ পাচারের অভিযোগ তুলে তিনি বলেন, ‘এসব কর্মকাণ্ডের কারণে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে।’

হুইপ দুলু বলেন, ‘বর্তমান সরকার সাধারণ মানুষের সামাজিক ও অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করতে ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড বিতরণ এবং ইমাম ও ধর্মীয় উপাসনালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের ভাতার আওতায় আনার মতো জনকল্যাণমূলক পরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে।’ 

গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার আহ্বান

বিরোধী দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে হুইপ দুলু বলেন, ‘অর্জিত গণতন্ত্র যেন আবার বিপন্ন না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। পরাজিত ফ্যাসিবাদী শক্তিকে কোনও সুযোগ না দিয়ে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখা এবং অর্থনৈতিক পুনর্গঠনের স্বার্থে সরকার ও বিরোধী দল নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’ 

আলোচনা সভায় সভাপতিত্ব করেন মো. রমিজ উদ্দিন কাজী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মোস্তফা কামাল মজুমদার ও জাতীয় সংসদ সদস্য শওকত আরা আক্তার উর্মি। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।