বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতাদের নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক, যে নির্দেশ দিলেন

বিজয়ের মাস ডিসেম্বরকে সামনে রেখে রাজনৈতিক কর্মসূচি নিয়ে নেতাকর্মীদের ব্যস্ত রাখার সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন বিএনপি। এরই আলোকে মূল দলের পাশাপাশি সহযোগী সংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলকে মাঠে নামার নির্দেশ দিয়েছেন দলীয় চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

রবিবার (১৫ নভেম্বর) রাতে জাতীয় সংসদে নিজ দফতরে প্রধানমন্ত্রীর দফতরে বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতাদের বৈঠকে এ নির্দেশনা দেন তিনি। বিএনপি সূত্রে জানা গেছে, প্রায় দুই ঘণ্টাব্যাপী এ বৈঠক হয়। এ সময় নেতাদের সঙ্গে আগামীর পরিকল্পনা নিয়ে আলাপ করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী এবং দলের যুগ্ম মহাসচিব যথাক্রমে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, হাবিব-উন নবী খান সোহেল, খায়রুল কবির খোকন, এমরান সালেহ প্রিন্স ও আবদুস সালাম। এ ছাড়া ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিবসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

নাম প্রকাশে অনিচ্ছুক বৈঠকে অংশগ্রহণকারী একটি সূত্র জানিয়েছে, বিজয়ের মাস উপলক্ষে ডিসেম্বরে নেতাকর্মীদের মাঠে সক্রিয় থাকার কথা বললেও মূলত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে নেতাকর্মীদের দিকনির্দেশনা দিয়েছেন সরকার প্রধান।

তিনি বলেছেন, কোনও দলের কর্মসূচির বিপরীতে পাল্টা কর্মসূচি পালন করতে চায় না বিএনপি। শান্তিপূর্ণ সভা-সমাবেশ, শোভাযাত্রা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে দলীয় নেতাকর্মীদের উজ্জীবিত করাই এর উদ্দেশ্য।