চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরলের ড. মোশাররফ

চিকিৎসা শেষে সিঙ্গাপুরে থেকে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় তাকে বহনকারী বিমান শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। সঙ্গে ছিলেন সহধর্মিণী বিলকিস আক্তার এবং বড় ছেলে খন্দকার মাহবুব হোসেন তুষার। 

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

এর আগে গত ৫ নভেম্বর সকালে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে করে তিনি সিঙ্গাপুরে যান।

তবে ১৫ নভেম্বর নির্ধারিত ফ্লাইটে দেশে ফেরার কথা ছিল তার। কিন্তু বিমানবন্দরে আসার সময় তিনি হঠাৎ শারীরিকভাবে অসুস্থবোধ করেন। তাৎক্ষণিকভাবে তাকে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে নেওয়া হয় এবং পুনরায় হাসপাতালে ভর্তি করা হয়।

উল্লেখ্য, ২০২৩ সালে একই হাসপাতালে বিএনপির এই সিনিয়র নেতার মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছিল। 

ড. খন্দকার মোশাররফ হোসেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসন থেকে পঞ্চমবারের মতো এমপি নির্বাচিত হন।

এর আগে ১৯৯১, ১৯৯৬ এর ১৫ ফেব্রুয়ারি ও ১২ জুন এবং ২০০১ সালে বিএনপি থেকে নির্বাচিত হয়ে একাধিক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

এছাড়া তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ থাকাকালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) চেয়ারম্যান নির্বাচিত হন।