যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের একেবারে কেন্দ্রীয় এলাকায় অবস্থিত একটি গুরুত্বপূর্ণ সড়কের নামকরণ করা হয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে। সড়কটির নাম রাখা হয়েছে ‘মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে’। সোমবার (২৩ নভেম্বর) এ তথ্য জানান ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম গোলাম মোর্তোজা। তিনি জানান, আজ এই নামফলক উন্মোচন করা হয়েছে।
গোলাম মোর্তোজাে জানান, সড়কটির অন্যতম বড় বিশেষত্ব হলো এর অবস্থান। শিকাগোর সবচেয়ে কেন্দ্রীয় এলাকার গুরুত্বপূর্ণ সড়কগুলোর একটি এটি, যার ঠিক পাশেই অবস্থিত বিশ্বখ্যাত ‘উইলিস টাওয়ার’ (সাবেক সিয়ার্স টাওয়ার)। একসময় পৃথিবীর সবচেয়ে উঁচু ভবন হিসেবে স্বীকৃত এই মর্যাদাসম্পন্ন স্থাপনাটির স্থপতি ছিলেন বাংলাদেশি-আমেরিকান প্রকৌশলী ও স্থপতি এফ আর খান।
তার মতে, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে জনপ্রিয়তম প্রধানমন্ত্রী, সাহসী রাজনীতিবিদ ও আপসহীন নেতা হিসেবে পরিচিত বেগম খালেদা জিয়ার নামে শিকাগোর মতো শহরের প্রাণকেন্দ্রে এই সড়কের নামকরণের মধ্য দিয়ে বাংলাদেশের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় সূচিত হলো।
‘মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে’ নামের সড়কটির উদ্বোধন করা হয় স্থানীয় সময় দুপুরে ঐতিহাসিক উইলিস টাওয়ারের সামনে।
সিটি অব শিকাগোর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সড়কটির উদ্বোধন করেন শিকাগো সিটি কাউন্সিলের অল্ডারম্যান গিলবার্ট ভিগেস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম, দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা, বাংলাদেশি কমিউনিটি নেতা শাহ মোজাম্মেল নান্টু এবং বিএনপির নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ।
এ ছাড়া শিকাগোর বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতারা অনুষ্ঠানে অংশ নেন।