ইসির কাছে নতুন করে সময় চেয়েছে বিএনপি, সোমবার যাচ্ছে না সংলাপে

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপের দ্বিতীয় দিনে সোমবার (৩০ নভেম্বর) পূর্বনির্ধারিত নির্বাচন কমিশনের সংলাপে  যাচ্ছে না ক্ষমতাসীন বিএনপি।

আলাদাভাবে সংলাপে অংশ নিতে ইতিমধ্যে নির্বাচন কমিশনকে  জানিয়েছে। এ দিন বিএনপিসহ ১৮টি দলের সঙ্গে সংলাপে বসার কথা ছিল ইসির।

রবিবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, সংলাপের জন্য নতুন করে সময় চাওয়া হয়েছে।

নির্বাচন কমিশন সচিবালয় সূত্রও বিষয়টি নিশ্চিত করেছে। তবে এ দিন বাকি দলগুলোর সঙ্গে সকাল সাড়ে ১০টা থেকে মতবিনিময় করবে ইসি

বিএনপি বাদে যাচ্ছে যেসব দল

নির্বাচন কমিশন সূত্র জানায়, সোমবার ক্ষমতাসীন দল বিএনপি না গেলেও আরও বেশ কয়েকটি দল সংলাপে অংশ নেবে। এর মধ্যে রয়েছে গণফ্রন্ট, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি— বাংলাদেশ ন্যাপ, বাংলাদেশ জাতীয় পার্টি, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ কল্যাণ পার্টি, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)।

এ ছাড়া বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, খেলাফত মজলিস, বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (মুক্তিজোট), বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ), জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম), বাংলাদেশ কংগ্রেস ও তৃণমূল বিএনপির সঙ্গেও বসার সূচি রয়েছে সোমবার।

রবিবার সংলাপের প্রথম দিনে জামায়াতে ইসলামী ও তাদের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের এলডিপি সংলাপে অংশ নেয়নি। বিরোধী দলও জোটের শরিকদের নিয়ে ইসির সঙ্গে আলাদা বসতে চায়। একই দিন ইসির সংলাপে জাতীয় পার্টি অংশ নেয়নি।

তৃতীয় দিন মঙ্গলবার (১ ডিসেম্বর) এনসিপিসহ ১৮টি দলের সঙ্গে ইসির সংলাপের কথা রয়েছে।

ইসির ঘোষিত সূচি অনুযায়ী, পাঁচ ধাপে অনুষ্ঠিত হবে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন। এর মধ্যে ২১ জানুয়ারি প্রথম ধাপে এক হাজার ৪২টি, ৪ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপে এক হাজার ৬৯টি, ২৯ এপ্রিল তৃতীয় ধাপে এক হাজার ২৪টি, ১৩ মে চতুর্থ ধাপে ৮১৩টি এবং ২৭ মে পঞ্চম ধাপে ৩৮৪টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ হবে।

/এমকে/এফআর/