নির্বাচন কমিশনের মেরুদণ্ড আরও শক্ত হওয়া প্রয়োজন: কাদের সিদ্দিকী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ নভেম্বর ২০২৬, ১৫:৫৪ আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ১৫:৫৪

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বলেছেন, ভোটকেন্দ্রে ভোটাররা যে ভোট দেন, অনেক ক্ষেত্রে ভোটের বাক্সের ফলাফল ও ঘোষিত ফলাফলের মধ্যে পার্থক্য দেখা যায়। এ বিষয়ে নির্বাচন কমিশনকে আরও সতর্ক হতে হবে। সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করতে কমিশনের মেরুদণ্ড আরও শক্ত হওয়া প্রয়োজন।

রবিবার (২৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে আয়োজিত সংলাপের প্রথম দিনে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

কাদের সিদ্দিকী বলেন, ১৯৯৯ সালের একটি উপনির্বাচনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রভাব বিস্তার করেছিলেন। ওই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন আবু হেনা। তবে ভোট কারচুপির অভিযোগের পরও সেই ফলাফল ঘোষণা করা হয়নি। দীর্ঘদিন বিষয়টি ঝুলে ছিল।

বাংলাদেশের স্বাধীনতা ও নির্বাচনের সম্পর্ক তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশের জন্ম হয়েছে নির্বাচনের মধ্য দিয়ে। ১৯৭০ সালের নির্বাচনে পাকিস্তানি শাসকগোষ্ঠী জনগণের রায় মেনে নিলে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হতো না। ভোটের অধিকার ও নির্বাচনের গুরুত্ব অনুধাবন করে কমিশনকে দায়িত্ব পালন করতে হবে।

নির্বাচনে প্রার্থীদের জামানতের পরিমাণ বেশি হয়েছে বলে মন্তব্য করেন তিনি বলেন, জামানত ১ হাজার টাকা হলেও তেমন কোনও ক্ষতি হতো না। বিষয়টি নির্বাচন কমিশনের বিবেচনা করা উচিত।

প্রার্থীদের নির্বাচনি ব্যয় কমানোর বিষয়েও কমিশনের দৃষ্টি আকর্ষণ করে কাদের সিদ্দিকী বলেন, ভোটার তালিকা ও সিডি প্রিন্ট করার ব্যয় বহন করা অনেক প্রার্থীর জন্য কষ্টকর। নির্বাচন কমিশন চাইলে প্রার্থীদের জন্য ভোটার তালিকা ছাপিয়ে দিতে পারে। এতে বিশেষ করে স্বল্প অর্থসম্পদের প্রার্থীরা উপকৃত হবেন।

নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার বিষয়ে তুলে ধরে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বলেন, দেশে তথাকথিত শিক্ষিত মানুষের চেয়ে গ্রামের স্বল্পশিক্ষিত বা অশিক্ষিত মানুষের জ্ঞান, নীতি-আদর্শ ও মানবিক গুণাবলি অনেক বেশি থাকতে পারে। শুধু বিএ বা এমএ পাস করলেই প্রকৃত জ্ঞান ও নৈতিকতা অর্জিত হয় না। দেশের শিক্ষাব্যবস্থায় মানবিক গুণাবলির ঘাটতি রয়েছে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে স্কুল-কলেজের প্রাতিষ্ঠানিক শিক্ষাকে প্রাধান্য দেওয়া উচিত নয়। বরং মানবিক শিক্ষা, নৈতিকতা ও মানবিক গুণাবলিকে গুরুত্ব দেওয়া প্রয়োজন।

তিনি আরও বলেন, শিক্ষিত নাগরিক এবং গ্রামের স্বল্পশিক্ষিত মানুষের নাগরিক অধিকার সমান। বরং জ্ঞান, ভালো মানুষ হওয়া ও নৈতিকতার কারণে একজন মানুষের মূল্যায়ন বেশি হওয়া উচিত।

রাজনীতিতে বিরোধী মতের প্রতি সম্মান দেখানোর আহ্বানও জানান কাদের সিদ্দিকী। তিনি বলেন, ক্ষমতায় গেলে সবার আগে বিরোধীদের সম্মান করতে হবে। তাদের জীবন, মান-সম্মান, সম্পদ ও সন্তান-সন্ততির নিরাপত্তা নিশ্চিত করতে হবে। মতের বিরোধ হলেই কারও জীবন বা সম্পদের ওপর আঘাত করা উচিত নয়। দেশের সব রাজনৈতিক দলকে নিয়ে আলোচনা করার নির্বাচন কমিশনের উদ্যোগ প্রশংসনীয়। দেশ শুধু রাজনৈতিক দলের নয়, দেশের সব মানুষের। তাই সরকারকেও সব রাজনৈতিক দল ও মানুষের সঙ্গে আলোচনা করে চলা উচিত।

/এএজে/আরকে/
সম্পর্কিত
স্থানীয় নির্বাচন সুষ্ঠু করতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চান সিইসি
রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ শুরু আজ 
দেশের ৫৫টা রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করবে ইসি, তারিখ ঘোষণা
সর্বশেষ খবর
বেড়া থানায় বল্লম-ককটেল নিয়ে হামলা, রাবার বুলেট ছুড়ে ছত্রভঙ্গ পুলিশের
বেড়া থানায় বল্লম-ককটেল নিয়ে হামলা, রাবার বুলেট ছুড়ে ছত্রভঙ্গ পুলিশের
নৌবাহিনী ও আইআরজিসির সমন্বয় বাড়ানোর আহ্বান ইরানের প্রেসিডেন্টের
নৌবাহিনী ও আইআরজিসির সমন্বয় বাড়ানোর আহ্বান ইরানের প্রেসিডেন্টের
বাইডেনের স্মৃতিকথার বিক্রি ওবামা-ক্লিনটনের চেয়ে অনেক কম
বাইডেনের স্মৃতিকথার বিক্রি ওবামা-ক্লিনটনের চেয়ে অনেক কম
‘রিয়ালের হারটাই বড় খবর, নতুন গল্পের দরকার নেই’
‘রিয়ালের হারটাই বড় খবর, নতুন গল্পের দরকার নেই’
সর্বাধিক পঠিত
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন