জামায়াত ও লেবার পার্টির মতবিনিময় সভা

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ লেবার পার্টির সঙ্গে মঙ্গলবার (২০ আগস্ট) এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রাষ্ট্র সংস্কার, অর্থনীতি শক্তিশালী, পাচার করা অর্থ ফেরত আনা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, গণহত্যার বিচার এবং দেশের বিরাজমান পরিস্থিতি নিয়ে সভায় আলোচনা করা হয়।

মতবিনিময় সভায় বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতীয় নির্বাচনের আগে নির্বাচন কমিশন, বিচার বিভাগ, জনপ্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও গণমাধ্যমের প্রয়োজনীয় সংস্কার করতে চান মর্মে কূটনীতিকদের ব্রিফিংয়ে বলেছেন। অন্তর্বর্তীকালীন সরকারের রাষ্ট্র সংস্কারের এই উদ্যোগকে স্বাগত জানাই। এসব সংস্কারের মাধ্যমে জনগণের আস্থা ফিরিয়ে আনতে হবে। এক্ষেত্রে আমরা অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত আছি।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও প্রচার বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মুহাম্মদ মোবারক হোসাইন।

জামায়াতের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, লেবার পার্টির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জহুরা খাতুন জুঁই, হিন্দুরত্ম রামকৃষ্ণ সাহা, মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, যুগ্ম মহাসচিব মুফতি তরিকুল ইসলাম সাদী, হেলাল উদ্দিন চৌধুরী, মো. আব্দুর রহমান, দফতর সম্পাদক মো. মিরাজ খান, কেন্দ্রীয় সদস্য মো. মাজহারুল হক, বাংলাদেশ ছাত্র মিশনের সভাপতি সৈয়দ মো. মিলন, বাংলাদেশ ছাত্র মিশনের সাধারণ সম্পাদক মো. নাজমুল ইসলাম মামুন প্রমুখ।

জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেন, ‘দেশের বিদ্যমান পরিস্থিতি নিয়ে আমরা একসঙ্গে বসে কথা বলেছি এবং দায়িত্বশীল সংগঠন হিসেবে আগামী দিনে কী করতে পারি সে বিষয়ে আমরা পরামর্শ করেছি। আমরা দেশের জন্য রাজনীতি করি।’

লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেন, ‘জামায়াতে ইসলামীর সঙ্গে আমাদের পথচলা নতুন নয়। আমরা দীর্ঘদিন ধরে একসঙ্গে কাজ করেছি। বাংলাদেশের বৃহত্তম ইসলামী আন্দোলনের সংগঠন হিসেবে জামায়াতে ইসলামীর অবদান অনস্বীকার্য। ফ্যাসিবাদী আওয়ামী সরকার জামায়াতে ইসলামীর উপর চরম অন্যায় অবিচার করেছে।’