ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেশ কিছু আসনের ফলাফল ঘোষণায় অস্বাভাবিক বিলম্বের অভিযোগ তুলেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌনে ১২টার দিকে রাজধানীর মগবাজারে দলীয় কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই প্রতিক্রিয়া জানান।
সংবাদ সম্মেলনে ডা. শফিকুর রহমান বলেন, “কিছু আসনে ইঁদুর বিড়াল খেলা হচ্ছে। এমনকি ঢাকা ৮ আসন এখনো ঝুলে থাকবে কেন, সেখানে কী হচ্ছে? এটা আপনারা সাংবাদিকরা জানেন। এই বিষয়গুলো সুস্থ ধারার রাজনীতির পরিচয় বহন করে না।”
জামায়াত আমির বলেন, “এখন পর্যন্ত বেশ কিছু আসনে আমাদের জানা মতে আমরা এগিয়ে আছি এবং গণনাও কমপ্লিট, কিন্তু স্থানীয়ভাবে যারা রিটার্নিং অফিসার আছেন তারা ঘোষণা দিচ্ছেন না, ঝুলিয়ে রেখেছেন। আমরা বুঝতে পারছি না এটা কেন?”
তিনি আরেও অভিযোগ করেন, “ওয়েবসাইটে কে কয়টা আসন পেয়েছে সেটা দেওয়া হলো, মাঝখান থেকে উধাও হয়ে গেলো, আবার নাই। আমাদের লোকদের বসিয়ে রাখা হলো দীর্ঘসময়। এই একটু আগে ১০টা ১২টা কেন্দ্রের বেসরকারি ফলাফল ঘোষণা করেছেন।”
নির্বাচন কমিশনের প্রতি দ্রুত পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশের আহ্বান জানিয়ে তিনি বলেন, “নির্বাচন কমিশন আশ্বাস দিয়েছে তারা ১৩ তারিখের মধ্যে পূর্ণাঙ্গ ফলাফল জানাবে। আমরা সেটা দেখার অপেক্ষায় আছি, তারা দেন কিনা। যদি দিয়ে থাকেন ভালো। না দিলে আমরা সঙ্গত সীমা পর্যন্ত অপেক্ষা করবো।”
এই সামগ্রিক বিষয়গুলো খতিয়ে দেখে নিজেদের চূড়ান্ত দৃষ্টিভঙ্গী প্রকাশ করার কথা জানান তিনি।
তবে তারা তাদের নির্বাচনি আচরণ ইতিবাচক রাখবেন জানিয়ে বলেন, “আমরা ইতিবাচক ধারা রাজনীতি করতে চাই। রাজনীতি যদি দেশের মানুষের জন্য হয় তাহলে এটা মেনে নিতে হবে। পাস করার গ্যারান্টি নিয়ে কোনেও রাজনীতি হয় না।”
এছাড়া বেসরকারি ফলাফলে ‘হ্যাঁ’ ভোট জয়ী হওয়া নিয়েও সন্তোষ প্রকাশ করেন তিনি।