বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেছেন, থানায় অগ্নিসংযোগ, মসজিদের মাইকে ঘোষণা দিয়ে থানায় হামলা, ভাঙচুর, পুলিশের ওপর আক্রমণ এবং বিভিন্ন সরকারি স্থাপনায় অগ্নিসংযোগ— গোপালগঞ্জজুড়ে সংঘটিত এসব ঘটনা রাষ্ট্রের চরম ব্যর্থতারই আরেকটি প্রমাণ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন।
জামায়াত সেক্রেটারি বলেন, গোপালগঞ্জের মানুষ আজ চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী মুখে কঠোর অবস্থানের কথা বললেও বাস্তবে তার কোনো দৃশ্যমান প্রতিফলন দেখা যাচ্ছে না। কথার সঙ্গে কাজের এই বিরাট ব্যবধান সরকারের প্রতি জনগণের আস্থাকে আরও সংকটের মুখে ঠেলে দিচ্ছে।
তিনি আরও বলেন, এই চরম উদ্বেগজনক পরিস্থিতিতে রাষ্ট্রের অভিভাবক হিসেবে রাষ্ট্রপতির জরুরি পদক্ষেপ গ্রহণ এবং প্রকৃত অপরাধীদের অবিলম্বে আইনের আওতায় আনা অপরিহার্য।