পর্দার আড়ালে কী হচ্ছে, জাতি জানতে চায়: জামায়াত আমির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ নভেম্বর ২০২৬, ১৯:২৭ আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ১৯:২৭

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্পদ নিয়ে পর্দার আড়ালে কী হচ্ছে, তা জাতি জানতে চায়। আমাদের স্পষ্ট কথা, আমরা জাতির গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে ইতোমধ্যে নোটিশ দিয়েছি। যদি নোটিশের বিষয়গুলোতে সংসদে আমরা জবাব না পাই, তাহলে জনগণের আদালতে আমাদের কথা বলতে হবে। এজন্য আমাদের দায়িত্বশীলদের সামগ্রিকভাবে জনগণের আস্থা ও ভালোবাসা নিয়ে দেশ ও জাতির খেদমতে প্রস্তুতি নিতে হবে।

সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর আল ফালাহ মিলনায়তনে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের বৈঠকে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, দেশ ও জাতি একটি কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি। পাশাপাশি আমাদের সংগঠনও বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি। এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশ, জাতি ও উম্মাহর জন্য আমাদের কাজ করে যেতে হবে।

তিনি বলেন, দুনিয়া আমাদের লক্ষ্য নয়, বরং আখিরাত আমাদের প্রধান লক্ষ্য। মুমিন হিসেবে আমাদের এ বিষয়টি সর্বদা খেয়াল রেখে প্রাত্যহিক জীবন পরিচালনা করতে হবে। সংগঠনের সকল কর্মকাণ্ডে এর প্রতিফলন ঘটাতে হবে। জীবন পরিচালনার ক্ষেত্রে নৈতিকতা, আদর্শ ও দ্বীনি মূল্যবোধ ধারণ করতে হবে। আমাদের প্রত্যেক দায়িত্বশীলকে সংগঠন পরিচালনায় ও দায়িত্ব পালনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সক্ষমতার মাত্রা বাড়াতে হবে।

শফিকুর রহমান বলেন, দেশের কোনো কোনো জায়গায় যা কিছু ঘটছে, তা অত্যন্ত উদ্বেগের বিষয়। কিন্তু এসব ঘটনার বিষয়ে বর্তমান সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের বক্তব্য জাতির জন্য হতাশাব্যঞ্জক। অনতিবিলম্বে সরকারকে জনগণের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। জাতি দেখতে চায়, আর কোনো ফ্যাসিবাদী শক্তি ও সন্ত্রাসের কোনো স্থান এ দেশে হবে না।

তিনি আরও বলেন, গত চব্বিশের জুলাই বিপ্লবে ১ হাজার ৪০০-এর অধিক শহীদ এবং হাজার হাজার আহতের বিনিময়ে অর্জিত এ বাংলাদেশে গণভোটের ম্যান্ডেট সময়ের অপরিহার্য দাবি। আমরা বরাবরই বলে আসছি, সংসদে আমাদের অবস্থান হবে একটি দায়িত্বশীল বিরোধী দলের। জনগণের কণ্ঠস্বর হয়ে সবসময় ভূমিকা রাখবো। কোনো অন্যায়ের সঙ্গে আপস করবো না। জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের গণরায় বাস্তবায়নে আমাদের যে দাবি, তাতে আমাদের অনড় অবস্থান অটুট থাকবে, ইনশাআল্লাহ।

বৈঠকে ‘বার্ষিক পরিকল্পনা-২০২৭’ সহ সাংগঠনিক বিভিন্ন বিষয় ও দেশের সামগ্রিক রাজনৈতিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

/এএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
ডিসেম্বর ঘিরে রাজনৈতিক দলগুলোর কী পরিকল্পনা?
কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত তিন সদস্যের কমিটি ভুয়া: জামায়াত
১১ দলীয় ঐক্যের সিলেট অভিমুখে লংমার্চ স্থগিত
সর্বশেষ খবর
দেশের মোট ঋণ এখন ২৩ লাখ ৩৭ হাজার কোটি টাকা
দেশের মোট ঋণ এখন ২৩ লাখ ৩৭ হাজার কোটি টাকা
শাকসবজি সংরক্ষণে কুমিল্লা সদর দক্ষিণে স্থাপন হবে দুটি মিনি হিমাগার
শাকসবজি সংরক্ষণে কুমিল্লা সদর দক্ষিণে স্থাপন হবে দুটি মিনি হিমাগার
ভারত যে অন্যায়কারী, তা বিশ্ববাসীকে বুঝিয়ে দেবো: মান্না
ভারত যে অন্যায়কারী, তা বিশ্ববাসীকে বুঝিয়ে দেবো: মান্না
যৌক্তিক কারণ ছাড়া আউটসোর্সিং কর্মীদের বাদ দেওয়া যাবে না
যৌক্তিক কারণ ছাড়া আউটসোর্সিং কর্মীদের বাদ দেওয়া যাবে না
সর্বাধিক পঠিত
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
গোপালগঞ্জের নতুন এসপি কে এই প্রত্যুষ কুমার, কেন এত আলোচনা
গোপালগঞ্জের নতুন এসপি কে এই প্রত্যুষ কুমার, কেন এত আলোচনা
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
বিএনপি ছাড়লেন টুঙ্গিপাড়ার বাবা-ছেলে, বললেন ‘এমন রাজনীতি চাই না’
বিএনপি ছাড়লেন টুঙ্গিপাড়ার বাবা-ছেলে, বললেন ‘এমন রাজনীতি চাই না’
সেনাবাহিনীর উচ্চপর্যায়ে রদবদল
সেনাবাহিনীর উচ্চপর্যায়ে রদবদল