১১ দলের পক্ষে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নেবে জামায়াত

জাতীয় ঐক্যের লক্ষ্যে প্রধানমন্ত্রীর ঘোষিত সংলাপে ১১ দলীয় জোটের পক্ষ থেকে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর মতবিনিময় সভায় জোটবদ্ধভাবে অংশ নেওয়া এবং কিশোরগঞ্জের শূন্য আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছে দলটি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে রাজধানীতে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেন, প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেতাকে চায়ের আমন্ত্রণ জানিয়ে সংসদ ভবনে দেশের পরিস্থিতি নিয়ে আলোচনা করেছিলেন। এরপর জাতীয় ঐক্যের উদ্দেশ্যে সংলাপের ঘোষণা দিয়েছেন। এ বিষয়ে ১১ দলীয় জোটের মধ্যেও আলোচনা হয়েছে।

দলের সিদ্ধান্তের ব্যাপারে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘আমাদের নির্বাহী পরিষদের সিদ্ধান্ত হয়েছে, আমরা ১১ দলীয় জোটবদ্ধভাবেই এই সংলাপে অংশগ্রহণ করব। এটি আমাদের একটি মৌলিক সিদ্ধান্ত হয়েছে।’

সংলাপে অংশগ্রহণের সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি জানিয়ে তিনি বলেন, ‘বিরোধীদলীয় নেতা দেশের বাইরে থাকায় সংলাপের দিনক্ষণ নির্ধারণে কিছুটা সময় লাগছে। তবে এ বিষয়ে আলোচনা চলছে এবং খুব শিগগির দিন ঠিক হবে।’

এনসিপির নেতাদের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে জানতে চাইলে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ‘১১ দলীয় জোটের শরিক হিসেবে এনসিপি জানিয়েছিল, জোটের সঙ্গে ঐক্যবদ্ধভাবে সংলাপে অংশ নিলে তারাও আলাদাভাবে সেখানে যাবে না। তবে এনসিপির নেতারা সংলাপে অংশ নিতে গেলে সেটি জামায়াতের সঙ্গে আলাদা করে আলোচনার বিষয় নয়।’

ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময়ের জন্য আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে। জামায়াত সিদ্ধান্ত নিয়েছে, এ মতবিনিময় সভায়ও ১১ দলীয় জোট ঐক্যবদ্ধভাবে অংশ নেবে।’

কিশোরগঞ্জের উপনির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়ে তিনি বলেন, ‘আসনটি শূন্য ঘোষণা এবং নির্বাচনের তফসিল ঘোষণার পর বৃহস্পতিবারের বৈঠকে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ নির্বাচনে জামায়াতের আগের প্রার্থী জেহাদ খানই দলের প্রার্থী থাকবেন।’

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে আপত্তি থাকলেও কিশোরগঞ্জের উপনির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জামায়াত। এ বিষয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘কমিশনের দলীয়করণ নিয়ে তারা আগেও আপত্তি জানিয়েছেন। বিশেষ করে অতিরিক্ত সচিব শামসুল আলমের নিয়োগের বিষয়ে তাদের প্রশ্ন রয়েছে।’

তিনি দাবি করেন, শামসুল আলম বিএনপির নির্বাচনবিষয়ক একটি কমিটির সদস্য ছিলেন। ওই কমিটির নেতৃত্বে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এ বিষয়ে প্রমাণসহ নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হয়েছে এবং সংবাদ সম্মেলনেও বিষয়টি তুলে ধরা হয়েছে বলে জানান তিনি।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘এ রকম একটা দলীয় অ্যাসাইনমেন্টের লোক যদি এডিশনাল সেক্রেটারি থাকেন, তাহলে সেই কমিশন কখনো নিরপেক্ষ হবে না।’

নির্বাচন কমিশনের প্রতি শতভাগ আস্থা না থাকলেও নির্বাচনে অংশ নেওয়ার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ‘জামায়াত নির্বাচনমুখী রাজনৈতিক দল। সংসদে বড় বিরোধী দল হিসেবে গণতান্ত্রিক পরিবেশ রক্ষার দায়িত্ব রয়েছে তাদের। এ কারণে সরকার ও নির্বাচন কমিশনের কাছে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার দাবি জানিয়ে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি।’

তিনি বলেন, ‘নির্বাচনে অংশ নিয়ে জামায়াত চায় জনগণ যেন ভোটের মাধ্যমে নিজেদের সঠিক মতামত প্রকাশ করতে পারে।’

দলের উপদেষ্টা পরিষদ গঠনের বিষয়ে নির্বাহী পরিষদের বৈঠকে আলোচনা হয়েছে কি না, জানতে চাইলে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘এ ধারণাটি আগেই নির্বাহী পরিষদে অনুমোদন পেয়েছে। দলের কর্মপরিষদেও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। আগামী ২৮ তারিখে মজলিসে শুরার বৈঠকেও এটি আলোচনার বিষয় হিসেবে রয়েছে।’

তিনি বলেন, ‘এটি গঠনতন্ত্র সংশোধনের একটি প্রক্রিয়ার অংশ। গঠনতন্ত্রে এ ধরনের পরিবর্তনের জন্য নির্দিষ্ট নিয়মকানুন রয়েছে। ধারণাটি চূড়ান্ত হওয়ার পর সংশোধনীর ভাষা, বাক্য ও শব্দ নির্ধারণের জন্য জামায়াত একটি কমিটি গঠন করেছে। সেই কমিটিতে বিষয়টি চূড়ান্ত করা হবে।’

বাংলাদেশ নিয়ে পশ্চিমবঙ্গের কয়েকজন মন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, ‘এ ধরনের বক্তব্য বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখণ্ডতার পরিপন্থী। কোনো গণতান্ত্রিক দেশের দায়িত্বশীল ব্যক্তি অন্য একটি স্বাধীন দেশের ভূখণ্ড নিয়ে এ ধরনের মন্তব্য করতে পারেন না।’

ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে দেশে ফেরানো নিয়ে বিভিন্ন বক্তব্য এবং সেখানে অবস্থানরত আওয়ামী লীগের নেতাদের তৎপরতার বিষয়েও কথা বলেন তিনি।

জামায়াতের এই নেতা অভিযোগ করেন, ভারত একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে সহায়তা করছে এবং বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে প্রভাব বিস্তারের চেষ্টা করছে।

তিনি বলেন, ‘জুলাই অভ্যুত্থানে নিহত ও আহত মানুষের স্মৃতি বাংলাদেশের মানুষ এখনো ভুলে যায়নি। এমন পরিস্থিতিতে ভারত যদি পলাতক আওয়ামী লীগ নেতাদের সহায়তা করে এবং তাদের কর্মকাণ্ডের সুযোগ দেয়, তা বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নেওয়ার শামিল।’

জাতীয় ঐক্যের সংলাপে অংশ নেওয়ার ক্ষেত্রে জামায়াতের কোনো শর্ত রয়েছে কি না, জানতে চাইলে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘জুলাই জাতীয় সনদের ভিত্তিতে অনুষ্ঠিত গণভোটের গণরায় মেনে নেওয়া তাদের কাছে একটি আপসহীন বিষয়।’

তিনি বলেন, ‘বিরোধীদলীয় নেতা প্রধানমন্ত্রীর সঙ্গে সংসদ ভবনে চা-পানের সময় আলোচনায় বিষয়টি তুলে ধরেছেন। জামায়াতের বক্তব্য হলো, সরকার গণভোটের রায় মেনে নিলে জাতীয় ঐক্যের জন্য নতুন করে আহ্বান জানানোর প্রয়োজন হবে না।’

দলের চলমান ৪০ দিনের কর্মসূচি প্রসঙ্গে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘কর্মসূচি নির্ধারিতভাবে চলছে। বৃহস্পতিবার দেশের বিভিন্ন জেলা সদরে বড় বড় মিছিল অনুষ্ঠিত হয়েছে। এসব কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে দল কাজ করছে।’