এরশাদের নির্বাচনি প্রচার চালাচ্ছেন ফয়সল চিশতী

নির্বাচনি প্রচারে চিশতিজাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের অনুপস্থিতিতে তার নির্বাচনি প্রচার কাজ এগিয়ে নিচ্ছেন দলের প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সল চিশতী। ঢাকা-১৭ আসনে শুক্রবারও প্রচার চালিয়েছেন তিনি। এছাড়া প্রেসিডিয়ামের আরেক দুই সদস্য কাজী ফিরোজ রশীদ ও আবু হোসেন বাবলাও নির্বাচনি প্রচারণায় অংশ নিয়েছেন।

ভাসানটেক ও ইসিবি চত্বর এলাকায় এরশাদের পক্ষে নির্বাচনি প্রচারে ফয়সাল চিশতী বলেন, ‘ঢাকা-১৭ আসনে হুসেইন মুহম্মদ এরশাদের বিকল্প কোনও প্রার্থী নেই। এই আসনের উন্নয়নের স্বার্থে লাঙ্গলে ভোট দিতে হবে।’

ঢাকা-৬ আসনের মহাজোট প্রার্থী কাজী ফিরোজ রশীদ বলেছেন, ‘ড. কামালরা লেভেল প্লেয়িং ফিল্ড বলতে কী বুঝাতে চাইছেন? জনসমর্থন থাকলে এবং খেলতে জানলে রোদের মধ্যেও খেলা যায়, আবার বৃষ্টির মধ্যেও খেলা যায়।’

শুক্রবার দিনব্যাপী ৪৩নং ওয়ার্ডের লালকুঠি, ফরাজগঞ্জ, শ্যামবাজার, প্যারিদাস রোড, নর্থ ব্রুক হল রোড ও বাংলাবাজারে গণসংযোগ, প্রচার মিছিল এবং বেশ কয়েকটি পথসভায় বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।

নির্বাচনি প্রচারে আবু হোসেন বাবলাঢাকা-৪ আসনের মহাজোটের প্রার্থী সৈয়দ আবু হোসেন বাবলা বলেছেন, সারাদেশে মহাজোটের পক্ষে জোয়ার উঠেছে। দেশের উন্নয়ন অগ্রগতি সাধারণ মানুষের বিবেককে তাড়া দিয়েছে। বিএনপি-জামায়াত জোট তাদের শাসনামলে দুর্নীতি ও সন্ত্রাস ছাড়া কিছুই দিতে পারে নাই। পরাজয় নিশ্চিত জেনে ঐক্যফ্রন্ট অপপ্রচার চালাচ্ছে। এবারের নির্বাচনে মানুষ শান্তি ও উন্নয়নের পক্ষে রায় দেবে।

শুক্রবার দুপুরে ৪৭নং ওয়ার্ডের মোহাম্মদবাগে কাউন্সিলর নাসির ভূইয়ার সভাপতিত্বে এক নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন। এদিন বিকাল ৩টা দিকে কদমতলীর মেরাজনগর, পূর্ব কদমতলীতে গণসংযোগ ও লাঙ্গলের পক্ষে মিছিল করেন স্থানীয় আওয়ামী লীগ।