বিশ্ব শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ প্রতিষ্ঠায় বাংলাদেশি শান্তিরক্ষীদের সাফল্য অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের এমপি। তিনি বলেন, ‘হুসেইন মুহম্মদ এরশাদ ১৯৮৮ সালে এক দূরদর্শী সিদ্ধান্তে জাতিসংঘ মিশনে শান্তিরক্ষী প্রেরণ করেন। দেশের তৎকালীন সব বিরোধী দল জাতিসংঘে শান্তিরক্ষী পাঠানোর বিরোধিতা করে হরতাল পালন করে। এ সময় হুসেইন মুহম্মদ এরশাদ বিশ্বে শান্তি প্রতিষ্ঠা ও দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে সব বাধা উপেক্ষা করে জাতিসংঘে সৈন্য প্রেরণ করেন।’
শনিবার (২৯ মে) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জিএম কাদের এসব কথা বলেন। বিবৃতিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত বাংলাদেশি শান্তিরক্ষী সদস্যদের অভিনন্দন জানান তিনি।
অভিনন্দন বার্তায় শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বিশ্বের সব সদস্যদের অভিনন্দন জানান জিএম কাদের। পাশাপাশি বিভিন্ন দেশে শান্তিরক্ষায় নিয়োজিত থেকে যারা জীবন দিয়েছেন বিনম্র শ্রদ্ধায় তাদের আত্মার শান্তি কামনা করেন তিনি।
জিএম কাদের বলেন, ‘শান্তি রক্ষা মিশনে বাংলাদেশের সদস্যারা পেশাদারিত্বের পাশাপাশি অর্পিত দায়িত্ব পালনে একনিষ্ঠ, শৃঙ্খলা, দক্ষতা ও মানবিক আচরণে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে।’
তিনি আশা প্রকাশ করে বলেন, ‘বিশ্ব শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ প্রতিষ্ঠায় বাংলাদেশি শান্তিরক্ষীদের সাফল্য অব্যাহত থাকবে।’