চিরশায়িত হয়েছেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু। শনিবার (২ অক্টোবর) রাতে মিরপুর শহীদ বুদ্ধিজীবী গোরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে বলে বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন দলের চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি-২ খন্দকার দেলোয়ার জালালী।
দলীয় সূত্র জানায়, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শনিবার (২ অক্টোবর) সকাল সোয়া ৯টায় রাজধানীর শ্যামলীস্থ স্পেশালাইজড হাসপাতালে মারা যান জিয়াউদ্দিন আহমেদ বাবলু। তার মৃত্যুর খবরে রাজনৈতিক অঙ্গনে শোকের আবহ সৃষ্টি হয়। শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ক্ষমতাসীন দলের অসংখ্য নেতা, মন্ত্রী, বিরোধী দল-বিএনপির মহাসচিবসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
শনিবার (২ অক্টোবর) দুপুরে প্রয়াত জিয়াউদ্দিন আহমেদের কফিনবাহী গাড়ি কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে পৌঁছালে দীর্ঘদিনের সহকর্মী ও রাজনৈতিক অনুসারীরা কান্নায় ভেঙে পড়েন। ফুলে-ফুলে শ্রদ্ধা জানান জাপা চেয়ারম্যান জিএম কাদেরসহ দলের নেতাকর্মীরা।
খন্দকার দেলোয়ার জালালী জানান, শনিবার এশার নামাজের পর গুলশান আজাদ মসজিদে জিয়াউদ্দিন আহমেদ বাবলুর জানাজা অনুষ্ঠিত হয়। সেখানেও বিএনপিসহ বিভিন্ন দলের নেতারা জানাজায় অংশ নেন। জানাজা শেষে তাকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়।
উল্লেখ্য, রবিবার (৩ অক্টোবর) বিকালে জাতীয় পার্টির উদ্যাগ্যে কাকরাইল কার্যালয়ের সামনে এক শোক সভার আয়োজন করা হয়েছে। সেখানে দলীয় নেতারা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ স্মৃতিচারণ করবেন।