জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এমপি বলেছেন, আওয়ামী লীগ ও বিএনপি বারবার রাষ্ট্র ক্ষমতায় গিয়ে দুর্নীতি, স্বজনপ্রীতি ও দলীয়করণ করেছে। এতে সামাজিক ন্যায়বিচার আর নেই। পশ্চিম পাকিস্তানিরা আমাদের শোষণ করতো, এখন আমরা শোষিত হচ্ছি দেশের মানুষের কাছে। প্রতিবছর বিলিয়ন বিলিয়ন ডলার বিদেশে পাচার হচ্ছে, বেগম পাড়া তৈরি হচ্ছে শোষণের টাকায়।
বুধবার (১৫ ডিসেম্বর) রাজধানীর বনানীতে দলের চেয়ারম্যানের কার্যালয়ে গণফোরামের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মো. সিরাজুল হকের জাপায় যোগদান উপলক্ষে আয়োজিত এক সভায় জিএম কাদের এসব কথা বলেন।
কাদের অভিযোগ করেন, স্বাধীনতার ৫০ বছরেও শোষণ ও বৈষম্যহীন দেশ পায়নি দেশের মানুষ।’ তিনি বলেন, ‘স্বাধীনতার মূল চেতনা ছিল শোষণ ও বৈষম্যহীন সমাজ গঠন। অথচ, আওয়ামী লীগ ও বিএনপি বারবার রাষ্ট্র ক্ষমতায় গিয়ে স্বাধীনতার মূল চেতনা থেকে দেশকে দূরে সরিয়ে দিয়েছে। সংবিধানের মূল চারটি নীতির তিনটি থেকেই সরে গেছে দেশ।’
জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি বলেন, ‘আওয়ামী লীগ ও বিএনপির দুর্নীতি ও দুঃশাসনে দেশের মানুষ বিরক্ত। ইউনিয়ন পরিষদ নির্বাচনে ক্ষমতাসীনরা যেভাবে শক্তি প্রদর্শন করেছে, তাতে দেশের মানুষ আর সরকারের ওপর আস্থা রাখতে পারে না।’
যোগদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান মোস্তফা আল মাহমুদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, মীর আব্দুস সবুর আসুদ, আব্দুস সাত্তার, সাংগঠনিক সম্পাদক মো. হেলাল উদ্দিন প্রমুখ।