‘সুষ্ঠু নির্বাচনের কথা বললেই কিছু নেতা ভাবেন গালি দিচ্ছি’

জাতীয় পার্টি চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের (জিএম) এমপি বলেছেন, ‘সুষ্ঠু নির্বাচনের কথা বললেই কিছু রাজনৈতিক নেতা মনে করেন তাকে গালি দেওয়া হয়েছে। আসলে, আমাদের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করতে হবে। দেশের মানুষ আর যেনতেন নির্বাচন চায় না। দেশের মানুষ চায়, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচন করতে।

শনিবার (২৩ জুলাই) রাজধানীর বনানীতে পার্টির প্রেসিডিয়াম সদস্য ও এমপিদের সাথে অনুষ্ঠিত সভায় সভাপতির বক্তৃতায় তিনি একথা বলেন।

জিএম কাদের বলেন, নির্বাচন কমিশনের সাথে অনুষ্ঠিত সভায় শতকরা ৮০ ভাগ রাজনৈতিক দল ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) বিপক্ষে মতামত দিয়েছে। কিন্তু নির্বাচন কমিশন বারবার সভা ডেকে ইনিয়ে-বিনিয়ে ইভিএমের গুনাগুণ বর্ণনা করছে। নির্বাচন কমিশনের বোঝা উচিৎ দেশের মানুষ কোনও কারচুপির নির্বাচন গ্রহণ করবে না।

তিনি বলেন, পৃথিবীর বিভিন্ন দেশ যখন ইভিএম বর্জন করছে, তখন নির্বাচন কমিশন ইভিএমের গুনগাণ শুরু করেছে। এতে, জনমনে এ নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। এখনও দেশের সকল ভোটার প্রার্থীর নাম পড়ে ভোট দিতে পারে না, মার্কা দেখে নির্বাচনে ভোট দেয়। এমন বাস্তবতায় ইভিএমে নির্বাচন আয়োজনের চেষ্টা দুরভিসন্ধি বলে মনে করছেন সাধারণ মানুষ।

এসময় বক্তব্য রাখেন জাতীয় পার্টি মহাসচিব- মো. মুজিবুল হক চুন্নু এমপি, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ এমপি, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি প্রমুখ।