জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি বলেছেন, জাতীয় পার্টির বিরুদ্ধে কোনও ষড়যন্ত্রই সফল হবে না। ষড়যন্ত্রকারীরা বোকার রাজ্যে বাস করেন। জাপা এখন অনেক ঐক্যবদ্ধ, সক্রিয় এবং শক্তিশালী, দেশের মানুষের ভালোবাসার রাজনৈতিক শক্তি। দেশের মানুষ এখন জাতীয় পার্টির ওপর আস্থা রাখেন। তৃণমূল মানুষের আস্থার নাম জাতীয় পার্টি। তাই, জাতীয় পার্টির অগ্রযাত্রা রোধ করা অসম্ভব।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে পার্টির প্রেসিডিয়াম সদস্য ও মহানগর উত্তরের আহ্বায়ক সফিকুল ইসলাম সেন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত মহানগর উত্তরের কর্মিসভায় প্রধান অতিথির বক্তৃতায় মহাসচিব মুজিবুল হক চুন্নু এসব কথা বলেন।
সভায় প্রধান অতিথির বক্তৃতায় মুজিবুল হক চুন্নু আরও বলেন, ‘আওয়ামী লীগ ও বিএনপিকে দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। আওয়ামী লীগ জানে, বিএনপি-জামায়াত ক্ষমতায় গেলে আওয়ামী লীগকে মুসলিম লীগ বানাবে। আর বিএনপি জানে, বিএনপি ক্ষমতায় যেতে না পারলে তারা ধ্বংস হয়ে যাবে। তাই আওয়ামী লীগ আর বিএনপি ক্ষমতার জন্য দেশব্যাপী মারামারি শুরু করেছে। ক্ষমতার লোভে ভবিষ্যতে হয়তো আরও মারামারি হবে। কিন্তু দেশের মানুষ জানে আওয়ামী লীগ ও বিএনপি দেশে সুশাসন দিতে ব্যর্থ হয়েছে। দেশের মানুষ জানে, একমাত্র জাতীয় পার্টি দেশে গণতন্ত্র দিতে পারবে। তিনি বলেন, ‘জাতীয় পার্টি ক্ষমতায় গেলে সবাই নিরাপদ থাকবে।’
জাতীয় পার্টির মহাসচিব বলেন, ‘বিদ্যুতের ক্যাপাসিটি চার্জের নামে আওয়ামী লীগের নেতাকর্মীরা ৮৬ হাজার কোটি টাকা লুটপাট করেছে। এজন্যই এ বিষয়ে তথ্য দিচ্ছে না সরকার। দেশের মানুষ জানতে চায়, ক্যাপাসিটি চার্জের টাকা কার কার পকেটে গেছে।’
সভায় আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, শফিকুল ইসলাম সেন্টু, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, চেয়ারম্যানের উপদেষ্টা মাহবুবুর রহমান লিপটন, ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম পাঠান।