জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তীতে বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের। মঙ্গলবার (২৩ মে) এ উপলক্ষে দেওয়া এক বাণীতে জাতীয় পার্টি চেয়ারম্যান দেশবাসীকে অভিনন্দন জানান।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর জন্মজয়ন্তী উপলক্ষে দেওয়া বাণীতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, ‘অত্যাচার, অবিচার ও শোষণের বিরুদ্ধে দ্রোহের মূর্ত প্রতীক হয়ে থাকবেন কাজী নজরুল ইসলাম। অন্যায়ের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে আজীবন সাহস যোগাবেন বিদ্রোহী কবি। অধিকার আদায়ের সংগ্রামে জাতীয় কবি আমাদের উজ্জ্বল অনুপ্রেরণা।’
তিনি বলেন, ‘সাহিত্যিক, সংগীতজ্ঞ, সাংবাদিক, সম্পাদক, রাজনীতিবিদ এবং সৈনিক হিসেবে অন্যায় এবং অবিচারের বিরুদ্ধে তার সাহসী ভূমিকা বিশ্বকে আজীবন পথ দেখাবে।’
বিদ্রোহ, সাম্য, প্রেম ও মানবতার কবি কাজী নজরুল ইসলামের কবিতা, গান, প্রবন্ধ, নাটক ও উপন্যাস বিশ্ব সম্প্রদায়কে আজীবন মুক্তির পথে অবিচল রাখবে বলে উল্লেখ করেন জাতীয় পার্টি চেয়ারম্যান। তিনি বলেন, ‘তিনি (কবি) ইসলামী সংগীতের পাশাপাশি একাধারে শ্যামা সংগীত রচনা করে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।’
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর জন্মজয়ন্তীতে একইভাবে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপি। অতল শ্রদ্ধা জ্ঞাপণ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা ও জাতীয় সাংস্কৃতিক পার্টির সভাপতি শেরিফা কাদের এবং জাতীয় সাংস্কৃতিক পার্টির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমেদ।