জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, নির্বাচনব্যবস্থা সবসময় সরকারের আওতার বাইরে রাখতে হবে। কর্তৃত্ববাদী সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। বর্তমান সরকার নিয়ন্ত্রণ থেকে নির্বাচনব্যবস্থাকে স্বাধীন জায়গায় রাখতে হবে।
শনিবার (২২ জুলাই) দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানীর কার্যালয় মিলনায়তনে গণমাধ্যম কর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তরে এসব কথা বলেন জিএম কাদের। এ সময় জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী উপস্থিত ছিলেন।
জিএম কাদের বলেন, ‘যারাই ক্ষমতায় এসেছে, তারাই নির্বাচনব্যবস্থা নিজেদের আওতায় রাখার চেষ্টা করেছে। বর্তমান সরকার নির্বাচনব্যবস্থা সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়েছে। নির্বাচন সংশ্লিষ্ট পদে নিজেদের লোক নিয়োগ দিয়েছে, যারা দলীয় আনুগত্য করবে। কিছু আইন সংস্কার করেছে, যাতে নির্বাচনের সম্পূর্ণ নিয়ন্ত্রণ তাদের হাতে থাকে।’
‘এমন বাস্তবতায় কখনোই সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না– এটা বারবার প্রমাণ হয়েছে। যখন সরকার মনে করছে নির্বাচন কিছুটা নিরপেক্ষ করতে হবে, তখন তাই হচ্ছে। যখন মনে করছে সরকারকে হেরে যেতে হবে, সেখানে হেরে যাচ্ছে। সরকারের ইচ্ছের বাইরে নির্বাচনের ফলাফল হচ্ছে না।’ উল্লেখ করেন কাদের।
তিনি বলেন, ‘এমন নির্বাচনকে জনগণের ভোট বলা যায় না। এটা ইসি বা সরকার ঘোষিত নির্বাচন। এতে জনগণের সরকার গঠিত হয় না। জনগণের সরকার ছাড়া তাদের জন্য কেউ কাজও করে না। গণতন্ত্র হচ্ছে জনগণের দ্বারা নির্বাচিত সরকার, যারা তাদের জন্য কাজ করবে। কিন্তু এখন নির্বাচনব্যবস্থা উল্টে গেছে। আওয়ামী লীগ দ্বারা নির্বাচিত সরকার তাদের জন্য কাজ করছে। এটা গণতন্ত্রের বিপরীতে আওয়ামীতন্ত্র বা ডেমোক্রেসির বিপরীতে আওয়ামীক্রেসি। এমন বাস্তবতায় সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এতে নির্বাচনের বিপরীতে সিলেকশন হতে পারে।’