হরিজনদের উচ্ছেদ করা হবে সবচেয়ে বড় ডাকাতি: জিএম কাদের

বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের এমপি বলেছেন, হরিজন সম্প্রদায় ব্রিটিশ আমল থেকে সব চেয়ে বড় স্বাস্থ্যসেবা দিয়ে আসছে। এখানে প্রায় ৫ থেকে ৭ হাজার মানুষ বাস করছে। এখানে তারা মানবেতর জীবনযাপন করছে। সিটি করপোরেশনে তারা পরিচ্ছন্নকর্মী হিসেবে কাজ করছে। দেশ-রাষ্ট্র-সরকার তো তাদের পাশে থাকার কথা। তিনি বলেন, ‘দুঃখের সঙ্গে লক্ষ্য করছি— এই সরকার দলীয় সরকার, উন্নয়নের নামে ব্যক্তি ও দলের উন্নয়ন করছে। ৫ থেকে ৭ হাজার মানুষকে রাস্তায় ফেলে দিয়ে কিসের উন্নয়ন? তাদের উচ্ছেদ করা হবে সবচেয়ে বড় ডাকাতি।’

বৃহস্পতিবার (১৩ জুন) পুরান ঢাকার বংশালের হরিজন সম্প্রদায়ের মিরন জল্লা বস্তি এলাকা পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন জিএম কাদের।

তিনি বলেন, ‘দেশ এখন আওয়ামী লীগের দেশ হয়ে গেছে। তারা সাধারণ মানুষকে মানুষ মনে করে না। তাদের সুবিধামতো দেশ পরিচালনা করছে। দেশের মালিক এখন আর জনগণ নেই, তারা সরকার পরিবর্তন করতে পারে না। জনগণের কথায় সরকার কোনও সিদ্ধান্ত নেয় না।’

বিরোধীদলীয় নেতার মন্তব্য, ‘হরিজনদের জন্য জায়গা করে দেওয়া সরকারের দায়িত্ব। শুনলাম, এদের জন্য দুটি বিল্ডিং করা হয়েছে। অথচ, এখানে ৫০০ থেকে ৭০০ পরিবার আছে। তাদের পুনর্বাসন করতে হবে। মানুষের অধিকার দিতে হবে, না দিলে মানুষ এটা জোর করে আদায় করবে। এই অন্যায় চিরদিন চলতে পারে না।’

তিনি বলেন, ‘সংসদে কথা বলাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। জোর করে এই সরকারকে বাধ্য করার মতো রাজনৈতিক শক্তি আমাদের তৈরি হয়নি। আমরা প্রয়োজনে আইনগতভাবেও সহায়তা দিয়েও সাধারণ মানুষের পাশে থাকবো।’

এ সময় বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের সভাপতি কৃষ্ণলাল, পঞ্চায়েত কমিটির সভাপতি কৃষ্ণচরণ কুঞ্জমাল, হরিজন নেতা বায়জুলাল, জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক নির্মল দাস, জাতীয় পার্টির নেতা সাধন কুমার মিশ্র, হুমায়ুন কবির কালা উপস্থিত ছিলেন।