রওশন, জিএম কাদের, চুন্নুর গ্রেফতার দাবি এলডিপিনেতা সেলিমের

জাতীয় পার্টিকে ফ্যাসিবাদের সরাসরি সহযোগী আখ্যা দিয়ে বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম দলটির নেতাকর্মীদের বিচার দাবি করেছেন। তিনি বলেছেন, তিনটি গণবিরোধী, ভোটারবিহীন নির্বাচনের প্রধানতম সহযোগী জিএম কাদের, রওশন এরশাদ, মুজিবুল হককে অবিলম্বে গ্রেফতার করতে হবে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরায় নিজ বাসভবনে অনুষ্ঠিত একাধিক নেতার সঙ্গে মতবিনিময়ে তিনি এসব কথা বলেন।

১২ দলীয় জোটের মুখপাত্র সেলিম বলেন, ‘গণমাধ্যমে জাতীয় পার্টির ফ্যাসিবাদ তোষণ ও সুবিধা নেওয়ার বিষয়ে নানারকমের আবেগী ব্যাখ্যা দেওয়া হচ্ছে। মূলত দেশে আধিপত্যবাদী শক্তিকে নির্মূল করতে হলে ফ্যাসিজমের সরাসরি সহযোগী জাতীয় পার্টির নেতাকর্মীদের বিচার করা ছাড়া কোনও বিকল্প নেই।’

অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে সেলিম বলেন, ‘অবিলম্বে বিগত তিনটি গণবিরোধী, ভোটারবিহীন নির্বাচনের প্রধানতম সহযোগী জিএম কাদের, রওশন এরশাদ, মুজিবুল হককে গ্রেফতার করতে হবে। রাশেদ খান মেনন, হাসানুল হক ইনুকে যদি গ্রেফতার করা হয়, তাহলে এই দোসরাও বাদ যাবে না। দেশের ইতিহাসের সামনে উপমা তৈরি করতে হবে। ফ্যাসিজমকে সহায়তা করলে জনগণ এর বিচার করে।’

তিনি বলেন, চক্রান্ত এখনও থেমে নেই। ঘরে-বাইরে-বন্ধুর চেহারা, পরিচয়ে শেখ হাসিনার দোসররা সামনে আসছে। সামনে উঠে আসছে রঙ পাল্টানো ব্যক্তিরা। সরকার ও রাজনৈতিক দলগুলোকে সতর্কতার সঙ্গে এসব মোকাবিলা করতে হবে।’

মতবিনিময়ে বাংলাদেশ এলডিপির সিনিয়র সহসভাপতি সৈয়দ ইব্রাহিম রওনক, অতিরিক্ত মহাসচিব তমিজউদদীন টিটো, সিনিয়র যুগ্ম মহাসচিব এম এ বাসারসহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।