রাজধানীর কাকরাইলে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাতে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতার ব্যানারে বিক্ষোভের সময় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া জানাচ্ছে না জাতীয় পার্টি (জাপা)।
শুক্রবার (১ নভেম্বর) সকালে গণমাধ্যমে এ বিষয়ে কথা বলবেন জাপা চেয়ারম্যান জিএম কাদের। বৃহস্পতিবার রাতে তার মোবাইলে ফোন করে পাওয়া যায়নি।
অগ্নিসংযোগের বিষয়ে বৃহস্পতিবার রাতে বাংলা ট্রিবিউনের সাথে আলাপকালে মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, অগ্নিসংযোগ যারা করেছে, তাদের বলুন, তারা কেন করেছে।
আইনগত কোনও ব্যবস্থা নেবে কিনা জাতীয় পার্টি, এমন প্রশ্নে মহাসচিব বলেন, শুক্রবার সকালে চেয়ারম্যান সাহেব কথা বলবেন। তিনি জানাবেন সবকিছু।
জাতীয় পার্টির প্রেসিডিয়ামের একজনের ভাষ্য, জাতীয় পার্টিকে নিয়ে হঠাৎ এসব করার পেছনে রাজনৈতিক ইস্যু কাজ করছে। জাপা বিগত সরকারের সময় দোসর হিসেবে কাজ করেছে বলে বৈষম্যবিরোধী ছাত্রনেতারা বলছেন।
যদিও জিএম কাদের সাম্প্রতিক তার সব সভায় জানাচ্ছেন, বিগত জুলাই আন্দোলনে জাপার নেতাকর্মীদের ত্যাগ স্বীকার ছিল। জাপার নেতাকর্মীদের বিরুদ্ধেও আওয়ামী লীগ সরকার মামলা করেছে।