শেখ হাসিনার প্রত্যর্পণ প্রশ্নের সুরাহার আগে প্রধানমন্ত্রী ভারতে যেতে পারবেন না: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘শেখ হাসিনার প্রত্যর্পণ প্রক্রিয়া কীভাবে হবে; এই প্রশ্নের সুরাহা না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী ভারত সফরে যেতে পারবেন না।’

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে রাজধানীর শাহবাগে ইনকিলাব মঞ্চের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘শেখ হাসিনার ৫ আগস্টের সংবাদ সম্মেলন নিয়ে ভারতীয় হাইকমিশনের বক্তব্য কী, সেই বার্তা এখনও আসেনি। এ বিষয়ে তাদের দুঃখপ্রকাশ করা উচিত ছিল। বাংলাদেশ সরকারের শুধু প্রেস বিজ্ঞপ্তি না, তাদের ডেকে এনে জবাবদিহি চাওয়া উচিত ছিল।’

তিনি বলেন, ‘শেখ হাসিনা এবং ওসমান হাদির খুনিকে ফেরত পাঠিয়ে, নদীর পানির ন্যায্য হিস্যা দিয়ে ও সীমান্ত হত্যাকাণ্ডের মীমাংসা করে বন্ধুত্বের কথা বলতে হবে।’

বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, ‘বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে ওই প্রেস কনফারেন্সটি হয়েছে। বিচারে একটা রায় হয়েছে, সেই আসামিকে যখন প্রেস কনফারেন্স করতে দিয়েছে একটি সরকার, তার মানে এ দেশের গণতন্ত্র, বিচারব্যবস্থা, সার্বভৌমত্বের বিরুদ্ধে ভারত সরকার অবস্থান নিয়েছে। এটি বাংলাদেশের বিরুদ্ধে ছায়াযুদ্ধ ঘোষণা করার মতো।’

ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবেরের সভাপতিত্বে অনুষ্ঠানে এনসিপি নেতাদের মধ্যে বক্তব্য রাখেন দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন ও ডা. মাহমুদা মিতুসহ কেন্দ্রীয় নেতারা।