ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্র ও জ্বালানি মন্ত্রীর পদত্যাগসহ পাঁচ দফা দাবি আদায়ে রাজধানীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আজ গণবিক্ষোভ। শুক্রবার (৩০ অক্টোবর) বিকাল ৩টায় রাজধানীর শাহবাগে এই সমাবেশে প্রধান অতিথি থাকবেন দলের আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। আরও বক্তব্য রাখবেন কেন্দ্রীয় নেতারা।
গণবিক্ষোভ সফল করতে গত কয়েক দিন রাজধানীর বিভিন্ন পয়েন্টে এনসিপির পক্ষ থেকে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে। দলীয় সূত্র জানিয়েছে, গণবিক্ষোভে রাজধানীর বিভিন্ন ওয়ার্ড থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করবেন। ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন। এরই মধ্যে শুক্রবার (২৯ অক্টোবর) রাতে সমাবেশস্থল পরিদর্শন করেছেন এনসিপির সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন।
এনসিপির পাঁচ দফা
১. ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্র ও জ্বালানি মন্ত্রীকে পদত্যাগ করতে হবে।
২. একদলীয় সংবিধান সংশোধন কমিটি বিলুপ্ত করে গণভোটের গণরায়ের ভিত্তিতে সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে।
৩. মানবাধিকার ও বাকস্বাধীনতা পরিপন্থী সব ধরনের আইন বাতিল করতে হবে এবং সাইবার সুরক্ষা আইনের প্রস্তাবিত সংশোধনী পাস করা যাবে না।
৪. জুলাই গণহত্যার বিচার সম্পন্ন করে অবিলম্বে তা কার্যকর করতে হবে।
৫. বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অনুমতি চাওয়া পুলিশ প্রধানকে (আইজিপি) অপসারণ করতে হবে।