জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, চলমান আন্দোলনে নিহত শ্রমিক তৌফিককে আইএলও কনভেনশন অনুযায়ী ক্ষতিপূরণ দিতে হবে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার করতে হবে। আর গ্রেফতার শ্রমিকদের নিঃশর্ত মুক্তি দিতে হবে এবং অন্যায়ভাবে দায়ের করা সব মামলা প্রত্যাহার করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত শ্রমিকদের আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
গাজীপুরে নিহত শ্রমিক তৌফিকের গায়েবানা জানাজায় হামলায় আহতদের দেখতে বুধবার (৪ নভেম্বর) রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে যান নাহিদ। পরে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
নাহিদ বলেন, শ্রমিক ভাই-বোনদের বলবো, আপনারা সতর্ক থাকবেন। আমরা শ্রমিকদের ন্যায্য, অহিংস ও শান্তিপূর্ণ আন্দোলনের পক্ষে আছি।
আপনারা আন্দোলন চালিয়ে যাবেন। বাংলাদেশের জনগণ আপনাদের সঙ্গে আছে।
বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সহিংসতা করে সেখান থেকে সুবিধা নেওয়ার চেষ্টা করবে। রাষ্ট্রীয়ভাবে নির্যাতন-নিপীড়ন চালিয়ে আপনাদের দমন করার চেষ্টা করা হবে। এই দুই শক্তির বিরুদ্ধে আপনারা আন্দোলন চালিয়ে যাবেন। বাংলাদেশের জনগণ আপনাদের সঙ্গে আছে।
তিনি অভিযোগ করেন, সম্পূর্ণ শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালিয়ে জাতীয় শ্রমিক শক্তির নেতাকর্মীদের আহত করা হয়েছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন— এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, দলীয় সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন ও জাতীয় ছাত্রশক্তির সভাপতি বাকের মজুমদার প্রমুখ।