দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে ওই পোস্টে আসিফ মাহমুদ লেখেন, জুলাই বনাম (VS) আওয়ামী লীগ+ভারতীয় আধিপত্যবাদ।
এমন এক সময় তিনি এ পোস্ট দিলেন যখন গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় বিএনপি ও এনসিপি নেতাদের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। পাল্টা-পাল্টি হামলায় কয়েকজন নিহত হওয়ারও খবর পাওয়া গেছে।
বিএনপি এখন বিপদে পড়ে ‘মুঝে বাঁচাও, বাঁচাও’ বলে চিৎকার করছে: পাটওয়ারী
এর আগে বিএনপিকে কটাক্ষ করে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকালে ফেসবুক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী লিখেন, ‘বিএনপি অন্যদের জন্য কবর খুঁড়তে গিয়ে আজ নিজেরাই সেই কবরে পড়ে যাচ্ছে। তারা শুধু নিজেরাই বিপদে পড়েনি, সঙ্গে বাংলাদেশের ১৮ কোটি মানুষকেও ডুবিয়েছে। আর এখন বিপদে পড়ে চিৎকার করছে—“মুঝে বাঁচাও, বাঁচাও”।’
পোস্টের শেষাংশে তিনি আরও উল্লেখ করেছেন, ‘অন্যের জন্য যে গর্ত খোঁড়া হয়, একদিন সেই গর্তেই নিজেকে পড়তে হয়—এটাই প্রকৃতির বিচার।’
খুব শিগগিরই ফল ভোগ করতে হবে, জনাব তারেক রহমানের জন্য আফসোস হচ্ছে: সারজিস
এদিকে আরেকটি পোস্টে এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম লেখেন, ‘দেশের বাইরে থেকে আন্তঃসীমান্ত টেরোরিজম করছে পলাতক পতিত আওয়ামী লীগ। গত ২৪ ঘণ্টায় বিএনপির তিন নেতাকে হত্যা করেছে খুনি আওয়ামী লীগ। দুইটি থানা জ্বালিয়ে দিয়েছে সন্ত্রাসী আওয়ামী লীগ। সারা দেশের একাধিক বাড়ি, ব্যাংক, হাসপাতালে আগুন দিয়েছে অগ্নিসন্ত্রাসী আওয়ামী লীগ। গোপালগঞ্জে তিন বিএনপির এমপির বাড়ি জ্বালিয়ে দিয়েছে গণহত্যাকারী আওয়ামী লীগ।’
তিনি বলেন, ‘বিএনপির যারা ভোট পেতে নিজেদের তাদের কাছে বিক্রি করে দিয়েছেন, টাকা খেয়ে জামিনের ব্যবস্থা করেছেন, সাময়িক লাভের ধান্দায় আশ্রয় দিয়েছেন; তাদের কি বিন্দুমাত্র অনুশোচনা হচ্ছে? আপনাদের সিদ্ধান্তে কি কোনও পরিবর্তন আসবে? যদি আসে তাহলে ভালো। আর যদি না আসে তাহলে খুব শিগগিরই এর ফল আপনাদের ভোগ করতে হবে। এ ক্ষেত্রে জনাব তারেক রহমানের জন্য আফসোস হচ্ছে!’
এনসিপির এই নেতা আরও বলেন, ‘আপনার মন্ত্রী, এমপি আর জেলা, উপজেলার নেতারা ঠিক হলে অনেক কিছু এমনিতেই ঠিক হয়ে যাবে। আগে নিজের দলে আপনার কমান্ড আর ঐক্য প্রতিষ্ঠা করুন। আপনাদের আশ্রয়, প্রশ্রয় আর সাহসে ওরা আজ এতদূর!’