জঙ্গিবাদ মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ করতে হবে: বি. চৌধুরী

 

এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরী (ছবি: সংগৃহীত)সরকারের একার পক্ষে জঙ্গিবাদ মোকাবিলা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরী। তিনি বলেন, ‘এ সমস্যা সমাধানের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’ এ সময় তিনি ২৫ মার্চকে  গণহত্যা দিবস ঘোষণার জন্য সরকারকে ধন্যবাদ জানান। শনিবার সন্ধ্যায় বিকল্পধারার কুড়িল বিশ্বরোডের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব এ কথা বলেন।

বি. চৌধুরী বলেন, ‘সরকার বলে জঙ্গি নেই, আইএস নেই। অথচ আমরা দেখছি আত্মঘাতী হামলা হচ্ছে, মানুষ নিহত হচ্ছে। জঙ্গিবাদ নির্মূল করা যাচ্ছে না। সুতরাং জঙ্গিবাদ মোকবিলায় সবাইকে ঐক্যবদ্ধ করতে হবে।’ 

মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বি চৌধুরী বলেন, ‘লাখ-লাখ মানুষের প্রাণের বিনিময়ে আমরা একটি স্বাধীন দেশ, পতাকা, মানচিত্র  ও জাতীয় সঙ্গীত পেয়েছি। কিন্তু সত্যিকারের স্বাধীনতা পাইনি। কারণ দেশে গণতান্ত্রিক পরিবেশ নেই। সভা, সমিতি, মিছিল, মিটিং করার সুযোগ নেই।’

সাবেক এই রাষ্ট্রপতি ২৫ মার্চকে জাতীয় গণহত্যা দিবস ঘোষণা করায় সরকারকে সাধুবাদ জানিয়ে বি. চৌধুরী বলেন, দেরিতে হলেও সরকার এই পদক্ষেপ নিয়ে একটি ভালো কাজ করেছে। ২৫ মার্চ পাকিস্তানিরা যে গণহত্যা শুরু করেছিল, তা ১৬ ডিসেম্বর পর্যন্ত অব্যাহত ছিল।’

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান, যুগ্ম মহাসচিব মাহী বি. চৌধুরী, কেন্দ্রীয় নেতা শাহ আহম্মেদ বাদল, মঞ্জুর রাশেদ, আইনুল হক, মওলানা কবীর, আমিনুল ইসলাম বুলু, আশরাফুল ইসলাম, ভূদেব চক্রবর্তী প্রমুখ

/এসটিএস/এমএনএইচ/