‘মূর্তি ইস্যুতে বামদের আন্দোলন প্রতিহত করা হবে’

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে আলোচিত গ্রিক দেবীর ভাস্কর্য সরানোর প্রতিবাদকারীদের প্রতিহত করার ঘোষণা দিয়েছে চরমোনাই পীরের দলের অনুগত ছাত্র সংগঠন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন। শুক্রবার (২৬ মে) বিকালে জাতীয় প্রেসক্লাব চত্বরে এক বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এ ঘোষণা দেয় সংগঠনটি।

ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিলভাস্কর্য অপসারণের ঘটনায় প্রতিবাদকারীদের হুঁশিয়ারি দিয়ে কর্মসূচি ঘোষণা করে সংগঠনটি। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সভাপতি জি এম রুহুল আমীন বলেন, ‘২৭ মে সারাদেশে মূর্তি ইস্যুতে বামপন্থীদের ঔদ্ধত্যপূর্ণ আচরণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করা হবে।’

জি এম রুহুল আমীন বলেন, ‘এ দেশের জনতার দাবি ছিল সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে মূর্তি অপসারণ করা। সরকার তা উপলব্ধি করতে পেরে পদক্ষেপ গ্রহণ করেছে। কিন্তু জনবিচ্ছিন্ন একদল বামপন্থী মূর্তি অপসারণে যে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছে তা কোনওভাবেই সহ্য করার মত নয়।’

বিক্ষোভ পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সভাপতি শাইখ ফজলুল করীম মারুফ, সেক্রেটারি জেনারেল শেখ মুহাম্মাদ সাইফুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারি জেনারেল হাছিবুল ইসলাম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এসএম এমদাদুল্লাহ ফাহাদ, তথ্য-গবেষণা ও প্রচার সম্পাদক ইলিয়াস হাসান প্রমুখ।

/সিএ/এমও/