বানভাসি মানুষের পাশে দাঁড়াতে সরকার ব্যর্থ: বাম জোট

বামজোটের বিক্ষোভ সমাবেশবন্যাদুর্গতদের পর্যাপ্ত ত্রাণ দেওয়ার আহ্বান জানিয়েছে নতুন বামজোট সিপিবি, বাসদ ও গণতান্ত্রিক বাম মোর্চা। বাম জোটের নেতারা অভিযোগ করেন, দেশের ব্যাপক অঞ্চল বন্যার পানিতে ভাসছে। সরকার বানভাসি মানুষের পাশে দাঁড়াতে ব্যর্থ হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর প্রেসক্লাবে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তারা এই অভিযোগ করেন।

সমাবেশে তারা বলেন, বামপন্থী দলগুলোর কর্মীরা জনগণের কাছ থেকে ত্রাণ সংগ্রহ করে বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর যে প্রচেষ্টা গ্রহণ করেছে, পুলিশ বাহিনী ও সরকার দলীয় নেতাকর্মীরা দেশের বিভিন্ন অঞ্চলে তাতে বাধা দিয়েছে।

বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক।  এতে  বক্তব্য রাখেন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক খালেকুজ্জামান,  সিপিবির সহকারী সাধারণ সম্পাদক সাজ্জাদ জহির চন্দন, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশীদ ফিরোজ, বাসদ (মাকর্সবাদী)’র কেন্দ্রীয় নেতা জহিরুল ইসলাম, গণসংহতি আন্দোলনের ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়ক আবুল হাসান রুবেল, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড অধ্যাপক আব্দুস সাত্তার, বাংলাদেশের সমাজতান্ত্রিক আন্দোলনের আহ্বায়ক হামিদুল হক। সভা পরিচালনা করেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য সাজেদুল হক রুবেল প্রমুখ।